বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি: সেবা নিচ্ছে ৭০ হাজার গ্রাহক
বাগেরহাট জেলার প্রায় ৭০ হাজার গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ-সেবা গ্রহণ করছে। বিভিন্ন ক্যাটাগরিতে সুবিধা প্রদান করে সমিতি গত অর্থ বছরে লাভ করেছে প্রায় ৬ লাখ টাকা।
গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কথা জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক নুরুল ইসলাম; সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিকদার আশরাফ আলী।
সমিতির মহাব্যবস্থাপক মজিরউদ্দিন আহম্মদ জানান, ১৯৮৬ সালের এপ্রিল মাসে সমিতির কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৮টি ইউনিয়নের ৮ শত ২২ টি গ্রামের ৬৯ হাজার ২ শত ৩৬ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা গ্রহণ করেছেন। এ জন্য সমিতি ২ হাজার ২ শত ৯৭ কি.মি. বৈদ্যুতিক লাইন স্থাপন করেছে।
গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সংযোগ রয়েছে। এর মধ্যে আবাসিক ৫৭ হাজার ২ শত ৩৩টি, বাণিজ্যিক ৮ হাজার ৮ শত ৩৬টি, শিল্প প্রতিষ্ঠানে ১ হাজার ১ শত ১ টি এবং দাতব্য প্রতিষ্ঠানে ১ হাজার ৬ শত ১টি।
‘লাভ নয়, লোকসান নয়’ নীতিতে পরিচালিত এ সমিতি গত অর্থ বছরে মুনাফা করেছে ৫ লাখ ৯৫ হাজার ২৬ টাকা।
সাধারণ সভা শেষে সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচনে শিকদার আশরাফ আলী সভাপতি, আলহাজ আকবর আলী সহ-সভাপতি ও আনসার আলী হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
