২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান বিরোধী আইন শনিবার থেকে কার্যকর হচ্ছে

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে গত ১৩ মার্চ সংসদে পাশকৃত আইনটি শনিবার থেকে কার্যকর হচ্ছে। ধূমপান ও তামাক পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বিষয়ে বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিলটিতে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপনের পর আইনের উপধারা ১ (২) এর আওতায় তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপনটি জারি করে। দেশে ধূমপান এবং সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি নিরুৎসাহিত করতে এ আইনটি পাশ করা হয়।

আইন ভঙ্গকারীকে ৫০ টাকা জরিমানা করা হবে।

এ আইনের আওতায় যেসব স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে- শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত কার্যালয়, লাইব্রেরি, লিফট, হাসপাতাল, ক্লিনিক, আদালত ভবন, বিমান বন্দর, সমুদ্র ও নদী বন্দর ভবন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ভবন, ফেরি, সিনেমা হল, আচ্ছাদিত কোন প্রদর্শনী কেন্দ্র, নাট্যশালা, শপিং সেন্টার, গণ সৌচাগার এবং সরকারি ও বেসরকারি মালিকানাধীন শিশু পার্কসমূহ।

এছাড়াও মটর গাড়ি, বাস, ট্রেন, জাহাজ, লঞ্চ, বিমান ও সকল ধরনের যন্ত্রচালিত পাবলিক যানবাহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

রিকশা, খোলা নৌকা, ভ্যান, খোলা স্থান, হোটেল রেস্তঁরা এ আইনের আওতায় পড়বে না।

আইনে সরকারী মালিকানাধীন সিনেমা হল, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার ও এ ধরনের বিজ্ঞাপনের ভিডিও বিক্রি এবং কোন বই ম্যাগাজিন, লিফলেট, হ্যাণ্ডবিল, বিলবোর্ড এবং সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও আইনের ১০ নং অনুচ্ছেদ অনুযায়ী, তামাকজাত পণ্যের প্যাকেটের ৩০ শতাংংশ জুড়ে সহজে দৃশ্যমান এমন স্থানে ধূমপান বিরোধী একটি বার্তা তুলে ধরতে বলা হয়েছে।

কোন ব্যক্তি বা কোম্পানি এ আইন ভঙ্গ করলে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত অথবা ১ হাজার টাকা জরিমানা করা হবে।

আইনের অনুচ্ছেদ ৮ এ ধূমপান নিষিদ্ধ করা হয়েছে এমন যানবাহন ও স্থানের মালিকদের তামাক বিরোধী বিজ্ঞাপন প্রচারের নির্দেশ দেয়া হয়েছে।

নতুন আইনে তামাক কোম্পানিগুলোর কোন ধরনের প্রতিযোগিতা বা বৃত্তি ঘোষণা অবৈধ বলে পরিগণিত হবে। এছাড়াও আইনে বিভিন্ন স্থানে তামাকজাত পণ্যের কোম্পানির নাম দিয়ে তৈরি স্টল বসানো ও তাতে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।