২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারী ইউনিয়নের বিক্ষোভের কারণে পিছিয়ে যাচ্ছে টিএণ্ডটি’র মোবাইল ফোন

বহু প্রতিক্ষিত টিএণ্ডটির মোবাইল ফোন আগামী ৩১ মার্চ বাজারে আসার কথা থাকলেও বিটিটিবি’র কর্মচারীদের ক্রমাগত বিক্ষোভের কারণে তা পিছিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এমাসে বেসরকারি প্রতিষ্ঠান টেলিটককে সরকার মোবাইল চালুর দায়িত্ব দেয়ার পর বিটিটিবি’র কর্মচারীরা বোর্ডের মাধ্যমেই টিএণ্ডটির মোবাইল ছাড়ার দাবি জানায়।

উল্লেখ্য, সরকার অনুমদিত প্রাইভেট কোম্পানী টেলিটক এই মোবাইল ছাড়ার দায়িত্ব পাওয়ার পর প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করে।

বিটিটিবি মোবাইল প্রকল্প ও মন্ত্রণালয় সূত্র বিডিনিউজকে বলেন, বাণিজ্যিকভাবে মোবাইল বজারে ছাড়ার সমস্ত আয়োজন সম্পন্ন হলেও ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে সরকারের আলোচনা ভেস্তে গেছে।

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টিএণ্ডটির কর্মকর্তা কর্মচারীরা দেশব্যাপী বিক্ষোভ করে যাচ্ছে।

বিটিটিবির চেয়ারম্যান নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে  কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে তিনি বলেন, সারাদেশে একশ’র বেশি বিটিএস (বেস্ট ট্রান্সসিভার স্টেশন) ইতোমধ্যেই স্থাপন করা হয়ে গেছে এবং আরও ৫০ টি বিটিএস স্থাপনের কাজ এগিয়ে চলছে।

তিনি আরও জানান, নেটওয়ার্ক, কল ও স্ক্রাচ কার্ডের পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫০ হাজার জিএসএম (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন) ফোন বাজারে ছাড়া হবে এবং জেলা সদরগুলো নেটওয়ার্কের আওতায় আনা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রাহক চাহিদা বৃদ্ধি পেলে পরে বাজারে আরও মোবাইল ছাড়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী এবং ডাক ও তার মন্ত্রী এ মাসেই ২ লাখ ৫০ হাজার মোবাইল ফোন বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে বলে আশ্বাস দেন।

প্রকৌশলী ও কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেন মোবাইল ছাড়ার জন্য বিটিটিবি’র যথেষ্ট জনশক্তি রয়েছে।

তবে গ্রাহকরা বিটিটিবি’র মোবাইল ফোনের কল রেট বেশি রাখার কারণে অসন্তোষ প্রকাশ করেছে।