২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ভূখা মিছিল পুলিশের বাধায় ঢাকায় পণ্ড : রংপুর, খুলনা, বরিশাল ও মানিকগঞ্জে সংঘর্ষে আহত ১৫০

ঢাকায় আওয়ামী লীগসহ ১৪ দলের ভূখা মিছিল ও সমাবেশ পুলিশের বাধার কারণে পণ্ড হয়েছে। বুধবার দেশব্যাপী ডাকা এ কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের পুলিশ বিভিন্ন স্থানে বাধা দেয় ও লাঠিচার্জ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এসব ঘটনায় রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে দেড়শ’ জন আহত হয়।

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, পানি বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকট এবং সরকারের পদত্যাগের’ দাবিতে ১৪ দল যুগপৎভাবে এ কর্মসূচি আহ্বান করে। 

কেন্দ্রীয় ভূখা মিছিলের কর্মসূচি প্রতিহত করতে দুপুর থেকেই প্রচুর সংখ্যক পুলিশ রাজধানীর পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, মতিঝিলসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়। বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় কাঁটা তারের ব্যারিকেড দিয়ে পুলিশ অবরুদ্ধ করে রাখে। পুলিশ নেতা-কর্মীদের এ এলাকায় প্রবেশ ও বের হতে দেয়নি।

এসব বাধা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নিতে আসা প্রচুর সংখ্যক নেতা কর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।

বিকাল ৩ টায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাড়ি-পাতিল, বেগুন-গাজর-পটল-লাউসহ বিভিন্ন সব্জি, হারিকেন, মশারী, গ্যাসের চুলা ইত্যাদি নিয়ে মুক্তাঙ্গনে জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রায় ২০০ নেতা কর্মী মুক্তাঙ্গণের সামনের রাস্তায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। বৃষ্টির মধ্যে তারা কয়েক দফায় মিছিলের চেষ্টা করলে মারমুখি পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে।

মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে তারা রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ওয়ার্কার্স পার্টি সহ জাসদ (ইনু) ও বিকল্প যুব ধারার নেতা-কর্মীদের পুলিশ দলীয় কার্যালয় থেকে বের হতে দেয়নি। ন্যাপ’র  (মোজাফফর) কয়েকজন নেতা-কর্মী মাটির হাঁড়ি, ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে মুক্তাঙ্গনে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়, হাড়ি পাতিল পুলিশ কেড়ে নেয়।

সিপিবি বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ফুটপাথে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে রংপুরে ভুখা মিছিল কর্মসূচিতে পুলিশ হামলা চালালে  সংঘর্ষ বাধে। এতে সাবেক একজন এমপি, দুজন ফটো সাংবাদিক ও চারজন পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়। 

দুপুর সাড়ে ১২ টার দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভূখা মিছিল বের করলে পুলিশ তাদের ঘিরে ফেলে মিছিলে হামলা চালায়। পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে। নিক্ষেপ করে প্রায় ১০ রাউণ্ড টিয়ার শেল ও রাবার বুলেট ।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিক হোেিসন, কৃষক লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাভলু, এএসপি রফিকুল ইসলাম, ওসি নূর আলম, এবং ফটো সাংবাদিক সেলিম মাহফুজ ও গোলজার হোসেন আদর।

বরিশাল প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগ ভূখা মিছিল বের করার জন্য পুলিশের কড়া প্রহারায় স্থানীয় কোর্ট এলাকায় জমায়েত হয়। এক পর্যায়ে বিএনপি’র একদল কর্মী আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়। পুলিশ হামলা করতে দেয়নি, তবে আওয়ামী লীগকেও মিছিল বের করতে দেয়নি।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ আক্রমণ চালায়। পরে বিরোধী দলগুলো সিপিবি নেতা আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ করে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, গাজী কামরুল হুদা বেলাল, জাসদ নেতা ইকবাল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

সিলেট প্রতিনিধি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগ ভুখা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মিছিল থেকে থালা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশ। মেয়র বদর উদ্দিন কামরানের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খুলনা প্রতিনিধি জানান, খুলনায় আওয়ামী লীগের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও সংঘর্ষে মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা, ফটো সাংবাদিক আব্দুল মালেক ও কামরুল আহসানসহ শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের অনেককে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পুলিশী বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙ্গে আওয়ামী লীগ ভুখা মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শুরু হলে চারপাশে আতংক ছড়িয়ে পড়ে।               

নারায়নঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লায় আওয়ামী লীগের ভুখা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ৫ নেতা-কর্মী আহত হন। বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে ২ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জেলা সদরে আওয়ামী লীগ ও ১১ দল মিছিল বের করলে সেখানেও পুলিশ বাধা দেয়।

কক্সবাজার প্রতিনিধি জানান, আওয়ামী ভুখা মিছিল বের করার জন্যে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়। তারা দলীয় কার্যালয় ঘেরাও করে রাখে। এসময় ১৪ জন ভুখাকে পুলিশ আটক করে। পরে আওয়ামী লীগ সেখানে সমাবেশ করে।