২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের পুরো সরবরাহ নিতে পিডিবির আরো ক’দিন লাগবে

কয়েকদিন ধরে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেলেও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) পুরো গ্যাসের সরবরাহ নিতে আরো সময় লাগবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মঙ্গলবার পিডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজকে জানান, গ্যাসের চাপ যথাযথ না থাকলে উৎপাদন বৃদ্ধি পেলে কি লাভ? টঙ্গীতে গ্যাসের লাইনে ৪০০ পিএসআই প্রেসার দরকার হলেও আসছে মাত্র ৮০ পিএসআই।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, গ্যাসের উৎপাদন বৃদ্ধি সত্বেও পিডিবি সরবরাহ নিতে পারছেনা। যদিও তারা অভিযোগ করেছে, তারা প্রয়োজন মতো গ্যাস পায়না।

জবাবে পিডিবির অপর একজন কর্মকর্তা বলেন, গ্যাস পাওয়া গেলেই তাৎক্ষনিকভাবে জেনারেটর চালু করা যাবে- বিষয়টি এমন নয়। একটি প্ল্যান্ট অপারেশনে যেতে কয়েক থেকে প্রায় ৭২ ঘন্টা লাগে।

গত কয়েক সপ্তাহ ধরে গ্যাসের যথাযথ সরবরাহ না পাওয়ায় বিদ্যুতের ঘোড়াশাল, আশুগঞ্জ এবং রাউজান ইউনিটে উৎপাদন ব্যাহত হয়। এ সময় পেট্রোবাংলা পিডিবির দৈনিক চাহিদা ৭০০ মিলিয়ন ঘনফুটের থেকে কম গ্যাস সরবরাহ করে।

শনিবার সাঙ্গুতে ৩০ মিলিয়ন ঘনফুট উৎপাদন বাড়ে। মৌলভীবাজারে সোমবার থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন শুরু হয়েছে। এতে পেট্রোবাংলা এখন পিডিবির চাহিদার তুলনায় বেশি গ্যাস তাদের দিতে পারবে।

পিডিবির সদস্য (জেনারেশন) আব্দুল মতিন বিডিনিউজকে জানান, ঘোড়াশাল, আশুগঞ্জ ও রাউজানের সব ক’টি ইউনিট চালু করা হয়েছে। তবে আগে গ্যাসের প্রেসার দেখতে হবে। গ্যাসের প্রেসার ও সরবরাহ চাহিদামাফিক হলে পুরোপুরি জেনারেশনে যেতে পারবো।

এদিকে, মঙ্গলবার বিদ্যুত প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন মৌলভীবাজারে ইউনোকলের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন।