২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বন্টন নিয়ে অলোচনার পরে গঙ্গা প্রসঙ্গ : ভারত

তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত দুদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তির ওপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে না,

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বলেছেন ভারতের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি।

তিনি বলেন, যদিও চুক্তি অনুযায়ী পাঁচ বছর অন্তর গঙ্গা পানি চুক্তি নিয়ে দুদেশের মধ্যে পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে কিন্তু বাংলাদেশের চুক্তি প্রসঙ্গে কোনও আপত্তি না থাকায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়নি। 

মঙ্গলবার বিডিনিউজের কলকাতা প্রতিনিধিকে প্রিয়রঞ্জন দাসমুন্সি জানান, ঢাকায় সার্কের বৈঠকের পর তিস্তার পানি বন্টন নিয়ে সচিব পর্যায়ের যে বৈঠক হবে তার ফলাফল বা গতিবিধি খতিয়ে দেখার পরই গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করা হবে। তবে কবে নাগাদ বৈঠকটি হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে নির্বাচনের আগে সরকারি দল কেনো চুক্তিটি পর্যালোচনার দাবি তুললো তা খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ ২০০২ সালেও বাংলাদেশের বর্তমান সরকারের তদানীন্তন পানিসম্পদ মন্ত্রী এল কে সিদ্দিকী জাতীয় সংসদে জানিয়েছিলেন যে বাংলাদেশ চুক্তি অনুসারে গঙ্গার পানি পানি পাচেছ এবং ওই চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারের কোন আপত্তি নেই।

বাংলাদেশ আপত্তি জানিয়েছিল বলেই ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার পূর্বাঞ্চলে বিজেপির আমলে গৃহীত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়।

গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু উপস্থিত ছিলেন।