২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. গালিবের জামিন আবেদন না মঞ্জুর

বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

গোপালগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মশিউর রহমান মঙ্গলবার দুপুরে এ জামিন আবেদন না-মঞ্জুর করে আগামী ৭ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেছেন।

কোর্ট ইনসপেক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের জানান, গত ১৭ জানুয়ারি কোটালীপাড়া ব্র্যাক অফিসে সংঘটিত ডাকাতি মামলায় মঙ্গলবার (আজ) ড. গালিব ও তার অপর ১০ সহযোগীর আদালতে হাজিরার নির্ধারিত তারিখ ছিল। রিমান্ডের আবেদন না থাকায় এবং নিরাপত্তার অভাবে ড. গালিবকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

গত ১৭ জানুয়ারি রাত ৯টার দিকে এক দল অস্ত্রধারী যুবক কোটালীপাড়া ব্র্যাক অফিসে ডাকাতি করে। পরে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকা থেকে ইসলামি জঙ্গী সংগঠনের ৭ সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও ৭টি টাইম বোমাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৭ জনের আদালতে দেয়া স্বীকারোক্তি মোতাবেক গালিবকে এ মামলার আসামি করা হয়।

ডঃ গালিবকে ১৯ মার্চ গাইবান্ধা থেকে গোপালগঞ্জ কারাগারে আনা হয়।

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আজমল হোসাইন ছাড়াও ৭ জন আইনজীবী ড. গালিবের পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন।