মেয়র মহিউদ্দিনের সাথে বীণা সিক্রীর সাক্ষাৎ
ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রী বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হলে দুই দেশই লাভবান হতো।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।
প্রায় এক ঘণ্টার এ সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে বীণা সিক্রী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দর ও ট্রানজিটসহ অন্যান্য বিষয়ে মেয়রের সাথে আলাপ হয়েছে।
বৈঠক সম্পর্কে মেয়র বলেন, ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন।
হাইকমিশনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচির প্রশংসা করেছেন বলে মেয়র সাংবাদিকদের জানান। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে এ ব্যাপারে তারা সরাসরি কোনও জবাব দেননি।
