শেরপুরে সাপ্তাহিক ‘চলতি খবর’র সম্পাদকসহ ৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
জেলার সি আর কগনিজেন্স আদালতে সোমবার স্থানীয় সাপ্তাহিক ‘চলতি খবর’ পত্রিকার সম্পাদকসহ নয় জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেতা।
আদালত সূত্রে জানা যায়, শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘চলতি খবর’-এ গত ২৭ ফেব্র“য়ারি ‘আওয়ামী লীগ নেতার ঘর থেকে তিন জুয়াড়ি আটক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে ক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান লেবু এ মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে জেলা তথ্য অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
‘চলতি খবর’র প্রকাশক ও সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন, নির্বাহী সম্পাদক জয়নুল আবেদীন, ব্যবস্থাপনা সম্পাদক বজলুর রহমান, সহকারী সম্পাদক এসকে সাত্তার, প্রধান বার্তা সম্পাদক মেরাজ উদ্দিন, বার্তা সম্পাদক শাহরিয়ার মিল্টন, প্রধান প্রতিবেদক আব্দুর রফিক মজিদ, বিভাগীয় সম্পাদক আদিল মাহমুদ, উজ্জল ও ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন-অর-রশিদ দুদুকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়।
এদিকে প্রকাশিত সংবাদটির কোনও প্রতিবাদ না করে বা ব্যাখ্যা না চেয়েই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করায় শেরপুর প্রেসক্লাব, ঝিনাইগাতী প্রেসক্লাব ও শেরপুর সাংবাদিক পরিষদের সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন।
