ফেনীতে শিশুকন্যা ধর্ষণের চেষ্টা, প্রতিবাদকারীদের ওপর হামলায় আহত ৬, সড়ক অবরোধ
জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে শিশুকন্যা ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের ওপর ধর্ষকের সহযোগীরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ছয় জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী এক ঘণ্টা ফেনী-সোনাইমুড়ি সড়ক অবরোধ করে রাখে।
পারিবার, পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী সোমবার দুপুরে বাড়ি ফেরার পথে একই এলাকার নজির আহমেদের ছেলে শাহ আলম (২৫) তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
মেয়েটির চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে শাহ আলমকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে শাহ আলমের সহযোগীরা রড, লাঠি, বাঁশ নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। হামলায় ছয় গ্রামবাসী আহত হয়। এছাড়া হামলাকারীরা একটি বাড়ি থেকে এক গৃহবধুর স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে এবং ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসী সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ফেনী-সোনাইমুড়ি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।
মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা হয়নি।
