২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ টি অলাভজনক শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত

সরকার ৭ টি মন্ত্রণালয়ের অধীন দেশের ২৬ টি অলাভজনক শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেটাইজেশন কমিশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণ করা হলে প্রতি বছর সরকারের দেড় হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

উল্লেখিত প্রতিষ্ঠানের মধ্যে ৪টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আ্হ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিলেট পাল্প ও পেপার মিলস লিমিটেড, রংপুর চিনিকল লিমিটেড, বাংলাদেশ কোল্ড স্টোরেজ লিমিটেড খুলনা, এবং পার্টিক্যাল বোর্ড ও ভেনিয়ারিং প্লান্ট চট্টগ্রাম। কমিশন সূত্র জানায়, আগামী ৬ এপ্রিল দরপত্র জমা দেয়ার শেষ তারিখ।

বাকি প্রতিষ্ঠানগুলো চলতি অর্থ বছরের মধ্যেই বিরাষ্ট্রীয়করণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বস্ত্র ও পাট, বন ও পরিবেশ, বানিজ্য, শিল্প, অর্থ, মৎস্য ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এসব শিল্প প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণ করা হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বেসরকারিকরণের জন্যে প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দৌলতপুর জুট মিলস, খুলনা।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে আশরাফ অয়েল মিলস লিমিটেড খুলনা, চট্টগ্রামের ডোসা এক্সট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড, সিলেট পেপার মিলস লিমিটেড, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড নারায়নগঞ্জ, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড গাজীপুর, বাংলাদেশ স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও টঙ্গীর আমিন এজেন্সিজ লিমিটেড।

পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অধীনে রয়েছে সাঙ্গু ভ্যালি টিম্বার ইন্ডাস্ট্রিজ চট্টগ্রাম, কর্নফুলি টিম্বার এক্সটেনশন ইউনিট, কাপ্তাই, প্রকিউরমেন্ট এন্ড সেলস অর্গানাইজেশন, কাপ্তাই ও লুম্বার প্রসেসিং কমপ্লেক্স।

জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে রয়েছে  স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড।

বেসরকারিকরণ প্রক্রিয়ায় বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে রয়েছে পটিয়া টি গার্ডেন, চট্টগ্রাম ও বিমলা নগর টি গার্ডেন মৌলভীবাজার।

অর্থ মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ও রুপালী ব্যাংক লিমিটেড এর ৫১ ভাগ।

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রনালয়ের অধীন ফিসারিজ নেট ফ্যাক্টরি চট্টগ্রাম, কুমিল্লার দুটি ফিসারিজ নেট ফ্যাক্টরি ও ফিসারিজ ল্যান্ডিং এন্ড হোলসেল মার্কেট সুনামগঞ্জ।

এছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আরও ২৮টি অলাভজনক শিল্প প্রতিষ্ঠান পর্যায়ক্রমে বেসরকারিকরণের উদ্যোগ নেয়া হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।  এই ২৮টি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে চলতি বছরে প্রায়  ৩০০ কোটি টাকা খরচ হবে। অর্থ মন্ত্রনালয় এসব অলাভজনক শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য ইতিমধ্যে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

কমিশনের একজন কর্মকর্তা অলাভজনক এসব পাটকল সম্পর্কে বিডিনিউজকে বলেন, উল্লেখিত পাটকলের যন্ত্রপাতি  বেশ পুরোনো। এসব যন্ত্র দিয়ে এখন আর মিল চালানো সম্ভব না।  কিন্তু নতুন যন্ত্রপাতি ক্রয় করার মতো অর্থ সরকারের কাছে নেই। এ কারণে সরকার এসব পাটকল বিক্রির উদ্যোগ নিয়েছে।