২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নয় ভারতীয়কে ফিরিয়ে নিতে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা

কুমিল্লার লাকশামে ১১ই মার্চ আটক নয় ভারতীয়কে মুক্ত করতে ভারত সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। ত্রিপুরা সরকার ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ করেছে এবং বিষয়টি এখন তাদের নজরে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আগরতলার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী অনীল সরকার বলেন, কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে অবগত করা হলে তারা বিষয়টি দেখছে বলে আশ্বাস দেয়।

হিন্দুস্তান টাইমস্ পত্রিকায় তিনি  বলেন, বাংলাদেশে আটক এই অনুপ্রবেশকারীদের সন্ত্রাসী হিসেবে দেখা হচ্ছে না। আমরা বিএসএফ’র মাধ্যমে বাংলাদেশ রাইফেলসকে বিষয়টি অবহিত করেছি।

আটক ওই নয় ভারতীয়কে কুমিল্লা জেলে রাখা হয়েছে।

এদিকে, আটক নয় ভারতীয় নাগরিকের আশু মুক্তির দাবিতে ত্রিপুরা ডেকোরেটরস এসোসিয়েশন আগতলায় বাংলাদেশ ভিসা অফিসে একটি স্মারকলিপি প্রদান করেছে।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষিকেশ পোদ্দার জানান, আগরতলার তারাকেশ্বর ডেকোরেটরস এর মালিক গৌতম ভৌমিক তার নয় জন কর্মচারীসহ লাকশাম শাখা বিএনপির সহ-সভাপতি স্বপন সাহার কাছ থেকে একটি মঞ্চ নির্মাণের অর্ডার পেয়ে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছিল।

ঋষিকেশ পোদ্দার বলেন, সীমান্তবর্তী শ্রমিকরা প্রায়ই এপার থেকে ওপারে গিয়ে কাজ করে থাকে, কিন্তু এখন তাদের ধরে সন্ত্রাসী হিসেবে লেবেল লাগানো হচ্ছে।

১৩ মার্চ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেখানে জনসমাবেশ করার কথা ছিল, সেখানে ওই নয় ভারতীয় নাগরিক মঞ্চ নির্মাণের কাজ করছিল। ১১ মার্চ সেখান থেকে তাদের আটক করা হয় এবং পরে প্রধানমন্ত্রীর ওই সমাবেশ কর্মসূচিও বাতিল করা হয়।