কালবৈশাখীর ঝড়ে গাইবান্ধা ও রংপুর নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে
উত্তরবঙ্গের গাইবান্ধা ও রংপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া রোববারের প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোমবার বিডিনিউজের প্রতিনিধিরা ৩৫ জন নিহত হওয়ার কথা জানান।
কিন্তু সরকারি কর্মকর্তারা গাইবান্ধায় ২৫ জনসহ মোট ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, ঝড়ে আহতের সংখ্যা সাতশ’রও বেশি।
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা এবং রংপুরের মিঠাপুকুরের ওপর দিয়ে রোববার ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিবেগের প্রলয়ংকরি ঘূর্নিঝড়টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। পুরো এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা হয়ে পড়েছে বিপর্যস্থ। কয়েকশ’ মানুষ এখন খোলা আকাশের নিচে বাস করছে।
গাইবান্ধা জেলার ডিসি তপন চন্দ্র মজুমদার বিডিনিউজকে বলেন, জেলা প্রশাসন ঘূর্নিঝড় কবলিত এলাকা থেকে এ পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।
তিনি জানান, বেশিরভাগ মানুষই ঘর-বাড়ি ও গাছ চাপা পড়ে নিহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী ধানসহ ফসলী জমির বেশিরভাগ ফসল বিনষ্ট হয়েছে। কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত এবং ব্যাপক সংখ্যক গাছপালা উপড়ে গেছে।
