শেরপুরে অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট
অবৈধ যানবাহন উচ্ছেদের দাবিতে সোমবার সকাল থেকে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্ট কালের জন্য দুরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।
জামালপুর ফেরিঘাট এলাকায় গত শনিবার শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি একটি বাসকে সাইড না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকটির এক পর্যায়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মীদের সাথে অননুমোদিত যানবাহন শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার থেকে জেলার আভ্যন্তরীণ ১০টি রুটে বাস ধর্মঘট আহ্বান করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে শেরপুর-ঢাকা- ময়মনসিংহ এবং ঢাকা-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সকল দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এদিকে অবৈধ যানবাহন উচ্ছেদের দাবিতে সোমবার সকাল ১১টায় শ্রমিকরা স্থানীয় বাস টার্মিনালে মিছিল ও সমাবেশ করেছে।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
