২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট দাখিল, আসামীরা বিএনপির নেতাকর্মী

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এমপিসহ আওয়ামী লীগের পাঁচ জন হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ দিনের তদন্ত শেষে ১০ জনকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান রোববার হবিগঞ্জের আদালতে এ চার্জশীট দাখিল করেন। চার্জশিটভূক্ত আসামীরা সকলেই বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

এএসপি মুন্সী আতিক জানান, এর মধ্যে কাজল মিয়া ও মহিবুর রহমান ছাড়া বাকী আটজন আসামীকে পুলিশ এরই মধ্যে গ্রেফতার করেছে।

চার্জশীটে অভিযুক্তরা হচ্ছে: শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি একেএম কাইয়ুম, পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেদ আলী, সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম, বিএনপি’র কাজল মিয়া, মহিবুর রহমান, জয়নাল আবেদীন জালাল, জমির আলী ও আয়াত আলী, জিয়া পরিষদের নেতা জয়নাল আবেদীন মমিন এবং জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সেলিম আহমেদ।

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে দেওয়া চার্জশীট প্রত্যাখ্যান করেছেন নিহতের স্ত্রী আসমা কিবরিয়া।

রোববার রাতে বিডিনিউজ’কে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা বারবার বলে আসছি আন্তর্জাতিক তদন্ত ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে না। এফবিআই-কে দিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছি।

তিনি বলেন, যে তদন্তের ভিত্তিতে এ চার্জশীট দেয়া হয়েছে, তা আমরা দেখিনি। কেউ আমাদের দেখায়ওনি।

তিনি এ চার্জশীট প্রত্যাখ্যান করে বলেন, এ তদন্ত সম্পূর্ণ বলে আমরা মনে করি না। ওই তদন্তও মানি না। আমরা জানতে চাই, কার নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এদিকে কিবরিয়া হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদ নেতা শাহেদ আলীকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এ নিয়ে তাকে চতুর্থ বারের মতো রিমান্ডে নেয়া হলো।

পুলিশ রোববার হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে।

রিমান্ড মঞ্জুরের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, শাহেদ আলী এর আগে কিবরিয়া হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে প্রথম শ্রেণীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

গত ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন।

পরদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিআইডি’র এএসপি মুন্সি আতিকুর রহমানকে মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।