২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্টার এবং ক্রাউন সংক্রান্ত হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রোববার পানীয় হান্টার এবং ক্রাউনের উৎপাদন, বাজারজাতকরণ এবং বিক্রি অনুমোদনে হাইকোর্টের আদেশের ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ক্রাউন বেভারেজ লিমিটেডকে হান্টার এবং ক্রাউনের উৎপাদন, বাজারজাতকরন এবং বিক্রির অনুমোদন দেয়ার জন্যে হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয়।

হাইকোর্টের এ নির্দেশের বিপক্ষে সরকারের পক্ষে আপিল আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী এ স্থগিতাদেশ দেন।

এদিকে সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রায় আট লাখ ক্যান হান্টার এবং ক্রাউন জব্দ এবং লাইসেন্স বাতিল করে ক্রাউন ও হান্টারের উৎপাদন, বিপনন ও বিক্রি বন্ধের আদেশ দেয়।

ক্রাউন বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামিমা ইসলাম সরকারের এই আদেশ চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করেন।

হাইকার্টের একটি বেঞ্চ এক মাসের মধ্যে হ্ন্টাার এবং ক্রাউনের উৎপাদন শুরু ও জব্দকৃত ক্যানগুলো লাইসেন্স করা বারে বিক্রি এবং বিদেশে রপ্তানীর জন্য  ক্রাউন বেভারেজকে অনুমোদন দিতে ১৫ মার্চ সরকারের প্রতি নির্দেশ দেন।

হাইকোর্ট আগামী দুমাসের মধ্যে ক্রাউন বেভারেজকে নতুন লাইসেন্স প্রদানের জন্যেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে  নির্দেশ দেন।

সরকারের পক্ষে পিটিশনটি পরিচালনা করেন এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। তাকে সহযোগিতা করেন সহকারি এটর্নি জেনারেল জামান আখতার বুলবুল। অন্যদিকে ক্রাউন বেভারেজের পক্ষে লড়েন আজমালুল হোসেন।