বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্বশাসিত হতে হলে নিজস্ব ফান্ড গঠন করতে হবে: এম সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে হলে আয় বৃদ্ধি করে নিজস্ব ফান্ড গঠন করতে হবে। একটি বিশ্ববিদ্যালয় কখনো স্বায়ত্বশাসিত হবে না, যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হয়।
রোববার পরিকল্পনা মন্ত্রনালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ফান্ড আছে। সে সব দেশের ধনীরা সেখানে দান করে থাকে। কিন্তু আমাদের দেশের ধনীরা শুধু দামি গাড়ি কেনে।
পরিষদের সভাপতি এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোসলেহউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল অর্থমন্ত্রীর কাছে ৪ দফা দাবি পেশ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে ঘাটতি বাজেট কমানো, ফান্ডগুলোকে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ দান, ভিসিদের বেতন বাড়ানো ইত্যাদি।
অথ্যমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করুন, যাতে সরকারি অর্থের ওপর নির্ভর করতে না হয়।
পরিষদের দাবির জবাবে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০০ কোটি টাকার দেনার মধ্যে ইতিমধ্যে ৬০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকাও কিস্তিতে দেওয়া হবে।
মন্ত্রী উপাচার্যদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি গবেষণাগার থাকা প্রয়োজন। উপাচার্যদের বেতন বৃদ্ধির দাবির সঙ্গেও মন্ত্রী একমত পোষন করেন।
বৈঠক শেষে পরিষদের সভাপতি মোসলেহউদ্দিন আহমদ বিডিনিউজকে বলেন, বাংলাদেশে উপাচার্যরা ১১ হাজার ৭০০ টাকা বেসিক বেতনে চাকুরি করেন। অন্যদিকে পাকিস্তানে উপাচার্যরা ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকার বেসিক বেতনে চাকুৃরি করে থাকেন। ভারত ও শ্রীলংকায়ও উপাচার্যদের বেতন কাঠামো প্রায় পাকিস্তানের মতো বলে জানান তিনি।
