নিম্নমানের লুব্রিকেন্টে স্থানীয় বাজার সয়লাব
দেশের স্থানীয় বাজারগুলোতে এখন নিস্নমানের ও ব্র্যান্ড বিহীন লুব্রিকেন্টের ছড়াছড়ি বলে দাবি করেছেন একটি লুব্রিকেন্ট কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তা। এ ধরনের নিস্নমানের লুব্রিকেন্ট ব্যবহারের ফলে মোটরযানের মূল্যবান যন্ত্রপাতি ও পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে তিনি জানান।
গালফ ওয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। লুব্রিকেন্টের অবৈধ বাণিজ্যের কারণে সরকার ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি জানান।
গালফ ওয়েল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা একটি নতুন ব্লেন্ডেড লুব্রিকেন্ট বাজারে ছাড়ার ঘোষণা দেন। মনিরুল ইসলাম জানান, দেশে প্রতি বছর ৭৫ হাজার টন লুব ওয়েলের প্রয়োজন হয়। প্রতি বছর শতকরা ৬/৮ ভাগ হারে এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ব্লেন্ডেড লুব্রিকেন্টের চেয়ে নিস্নমানের লুব্রিকেন্টের দাম অনেক কম তাই মানসম্পন্ন লুব্রিকেন্টের বিক্রেতারা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ব্যবহারকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
