২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজি ইয়াকুবকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চালান মামলার আসামী হাজি ইয়াকুবকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জয়েন্ট ইন্টারোগেশন সেলের একজন কর্মকর্তা বলেন, সে একজন অন্যতম প্রধান আসামী কিন্তু অস্ত্র এবং বিস্ফোরক চালানের সাথে তার জড়িত থাকার বিষয়টি সে অস্বীকার করছে।

অন্যদিকে পরিবহন নেতারা হাজি ইয়াকুবকে গ্রেফতার করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বলে সরকারকে দায়ি করেছে।

তারা ইয়াকুবের নিশর্ত মুক্তির দাবিতে রোববার চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ১৫ জেলায় ১২ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।

হাজি ইয়াকুব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এবং চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক।

অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান আব্দুল কাউয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজকে তিনি শনিবার বলেন, এটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিজ্ঞাসাবাদের উল্লেখযোগ্য দিক এখনই বলা যাবে না।

ডেপুটি কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক বলেন, সিআইডি, এসবি, এনএসআই, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

মিরপুর থানার এসআই রমিজউদ্দিন বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

মিরপুর থানার ওসি ইন্তেজার উদ্দিন বলেন, হাজি ইয়াকুব একজন উল্লেখযোগ্য অপরাধী। আমরা যখনই তাকে জিজ্ঞাসা করেছি তখনই সে বলেছে যে, এ ব্যাপারে সে কিছুই জানে না।

এদিকে ইয়াকুবকে মিরপুর থেকে গ্রেফতারের পর চট্টগ্রাম অঞ্চলের সিআইডি কর্মকর্তারা শনিবার একটি বৈঠক করেছেন।

ওই বৈঠকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়াকুবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্র চালানের প্রকৃত অপরাধী এবং চালানটি কোথায় যাচ্ছিল তা বের হয়ে আসবে। 

সূত্র আরও জানায়, ইয়াকুব হয়ত জানে অভিযুক্ত হাজি আব্দুস সোবহান, হাফিজুর রহমান, দিন মোহম্মদ এবং আবুল কাশেম মধু কোথায় অবস্থান করছে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি বলেন, অস্ত্র চালানের ব্যাপারে সরকার সবকিছুই জানে।

তিনি বিডিনিউজকে বলেন, সরকার মূল অপরাধীদের আড়াল করতে হাজি ইয়াকুবকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, পূর্বাঞ্চলে পরিবহন ধর্মঘটের পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।