ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় 'গ' ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দ্বিতীয় বারের মতো প্রকাশ করা হয়। এদিকে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ভর্তি পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এর আগে ১৫ মার্চ প্রথমবার ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।
সূত্র জানায়, সেবার কম্পিউটার অপারেটরের ভুলের কারনে ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর পাওয়া ২৫ ছাত্র-ছাত্রীর নাম মেধা তালিকা থেকে বাদ পড়ে ।
পরে ভুল ধরা পড়লে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বৃহস্পতিবারের নির্ধারিত মৌখিক পরীক্ষা বাতিল করে দেয়।
এ ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেন এবং ভুলের জন্য ওই সমস্ত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকের কাছে ক্ষমা চান।
অন্যদিকে, অপর একটি সূত্র অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্র দলের এক নেতার চাপের মুখে ওই ফলাফল পুর্নবিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়।
অভিযোগে বলা হয়, ওই নেতা ভর্তি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে ভর্তি করিয়ে দেয়ার নাম করে টাকা নিয়েছে এবং তার চাপের মুখেই কর্তৃপক্ষ ফলাফল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাখলুকুর রহমান এ অভিযোগ অস্বীকার করেন।
নতুন ফলাফল প্রকাশের পর মার্চের ২১ থেকে ২৪ তারিখে মৌখিক পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
