২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্তহীনতা এবং প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিকতার অভাবই বিদ্যুৎ সংকটের কারন

সরকারের সিদ্ধান্তহীনতা এবং প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিকতা না থাকার কারণেই এবার গ্রীষ্মের শুরুতে সীমাহীন বিদ্যুত ঘাটতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

চলতি মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৭৭০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পিক আওয়ারে বিপনী বিতান এবং শিল্প বন্ধ রাখার সরকারি উদ্যোগে ফল না আসলে ভরা গ্রীষ্মে বিদ্যুত ঘাটতি ১,২০০ থেকে ১,৫০০ মেগাওয়াট হওয়াও বিচিত্র নয়।

ইতিমধ্যে ব্যবসায়ীরা সরকারের পিক আওয়ার লোড ম্যানেজমেন্টের এই ঘোষনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন। 

আবার বিদ্যুত ঘাটতি নিয়ে সরকারের জ্বালানি বিভাগ এবং বিদ্যুত বিভাগের পরস্পরকে দোষারোপ করার বিষয়টি বর্তমানে প্রকাশ্য রূপ নিয়েছে। সংসদীয় কমিটির সভায় বিদ্যুত ঘাটতির জন্যে বিদ্যুত প্রতিমন্ত্রী চাহিদা মত গ্যাস সরবরাহ না পাওয়াকে দায়ী করেছেন।

অন্যদিকে পেট্রোবাংলা, তিতাস এবং বাখরাবাদ সূত্রে বলা হচ্ছে সারা দেশে পিডিবি‘র গ্যাস চাহিদা প্রতিদিন ৭০০ মিলিয়ন ঘনফুটের (এমএমসিএফডি) কাছাকাছি। বর্তমানে ৬০০ থেকে ৬৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। মাত্র ৫০ এমএমসিএফডি কম পাওয়ার কারণে কিভাবে পিডিবি‘র ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুত কম উৎপাদন হচ্ছে তা তাদের বোধগম্য নয়।

পেট্রোবাংলা স্বীকার করেছে যে, গ্যাস সংকটের কারণে কেবলমাত্র ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্রে উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে। আগামী ৫ এপ্রিল থেকে ইউনোকলের মৌলভীবাজার গ্যাস ফিল্ড থেকে ৭০ এমএমসিএফডি করে গ্যাস গ্রিডে আসবে। তখন আদৌ কোনো গ্যাস সংকট থাকবে না।

নাম প্রকাশ না করার শর্তে পিডিবি‘র একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, গ্যাসকে দোষ দিয়ে লাভ নেই। পিডিবি‘র স্থাপিত উৎপাদন ক্ষমতা প্রায় ৫,০০০ মেগাওয়াট। কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ৪,১০০ মেগাওয়াটের বেশি নয়। মোট উৎপাদন ক্ষমতার ৫০ শতাংশই ২০ বছরের বেশি বয়সী। ফলে তা নির্ভরযোগ্য নয়। বর্তমানে ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র মেরামতে আছে। এতে করে পিডিবি‘র উৎপাদন ক্ষমতা ৩,৭০০ মেগাওয়াটের বেশি নয়।

অন্যদিকে দেশে পিক আওয়ারে চাহিদা ৪,২০০ থেকে ৪,৩০০ মেগাওয়াট। পিক আওয়ারে অনেক কেন্দ্রই অধিক চাপের কারণে বসে যায়। ঐ কর্মকর্তা মনে করেন, দেশের বিদ্যুৎ খাতের অবস্থা ‘৯৮ সালের চেয়েও নাজুক।

তবে সে সময় তৎকালীন সরকারের সময় মতো উদ্যোগ নেয়ার কারণে তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুত কেন্দ্র, ১০ মেগাওয়াটের তিনটি বিদ্যুত কেন্দ্র এবং ৪৫০ ও ৩৬০ মেগাওয়াটের দুটি বড় আইপিপি চালু হওয়ার কারণে গত বছর পর্যন্ত পরিস্থিতি ভালো ছিল। বর্তমানে এই আইপিপি‘র ১,২০০ মেগাওয়াট বিদ্যুতই নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর দুণীতির অজুহাত দেখিয়ে আগের সরকারের চূড়ান্ত করে যাওয়া বেশ কয়েকটি বিদ্যুত উৎপাদন প্রকল্প স্থগিত করে। কিন্তু এর পর গত সাড়ে তিন বছরে সরকার কেবল টঙ্গির ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র চূড়ান্ত করে উৎপাদনে আনতে পেরেছে। আর ৯ বছর আগে শুরু হওয়া সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে গত বছরের শেষভাগে। অথচ দেশে প্রতি বছর ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুত যোগ হওয়া দরকার।

উদ্যোগের অভাবে এই সরকারের আমলে সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট, সিলেট ১৫০ মেগাওয়াট, ঢাকা নর্থ (ডিএনপিপি) ৪৫০ মেগাওয়াট, শম্ভুগঞ্জ ৭০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট, হরিপুর ১০৯ মেগাওয়াট, মেঘনাঘাট ৪৫০ (দ্বিতীয় পর্যায়), সিদ্ধিরগঞ্জ ২১০ (২য় পর্যায়) সহ ১০ কিংবা ৩০ মেগাওয়াটের ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র নির্মাণে কোনো কাজই চূড়ান্ত করতে পারেনি।

বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্বীকার করছেন, আমলাতন্ত্র কাটিয়ে তিনি এই কাজ শুরু করতে ব্যর্থ হয়েছেন।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকে প্রকল্প বাস্তবায়নে রশি টানাটানির কারণে কোনো প্রকল্প চূড়ান্ত রূপ পায়নি। তারা এও মনে করেন, বর্তমান সরকারের সামনে যে মাত্র দেড় বছর সময় আছে তাতে তারা নতুন বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে সফল হবে না।

আর এর কারণে আগামী বছরগুলোতে দেশে বিদ্যুত ঘাটতি আরো ভয়াবহ রূপ নেবে বলে তারা আশংকা করছেন।