'বিদেশি হস্তক্ষেপ' বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৃহস্পতিবার‘বিদেশি হস্তক্ষেপ’ বিষয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যকে সমর্থন করেছে। তবে কমিটির মতে বাংলাদেশে সাথে বিভিন্ন দেশের সম্পর্কর ক্ষেত্রে বিভ্রান্তিকর অবস্থা বিরাজ করছে।
স্থায়ী কমিটির বৈঠকে সরকারী দলের দুজন এমপি বিভিন্ন দেশের সাথে সম্পর্কের অবনতির জন্য সদ্য বিদায়ী পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীকে দায়ী করেন। জেনারেল (অব.) মাহবুবুর রহমান এবং মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, গত তিন বছরে শমসের মবিন চৌধুরী বেশ ক্ষতির কারণ হয়েছেন।
তারা বলেন, তারপরও শমসের মবিন চৌধুরীকে বিশ্ব ক্ষমতার কেন্দ্র ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক।
সরকারী দলের এ দুই এমপি সার্ক সম্মেলন স্থগিত করা, ইইউ পার্লামেন্ট কর্তৃক বাংলাদেশ বিরোধী প্রস্তাব পাস , তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনের সাথে সম্পর্কের অবনতি, ভারতের সাথে যুদ্ধাবস্থা এবং বাংলাদেশকে ছাড়াই ওয়াশিংটনে দাতাদের বৈঠকএর জন্য শমসের মবিন চৌধূরীকে দায়ি করেন।
বৈঠক শেষে এ বিষয়ে শমসের মবিন চৌধূরীকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর এড়িয়ে বলেন, আমি আর পররাষ্ট্র সচিব নই।
শমসের মবিন চৌধূরীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি আওয়ামী লীগের সাংসদ সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, হেমায়েত উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে গিয়ে ছয়জনকে ডিঙ্গিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।
দুজন ইউরোপীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট দেশ দুটিকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে বলতে পারে। তবে সরকারের মনে রাখা উচিত, রাষ্ট্রদূতরা নিজ থেকে কিছু করেন না । তারা নিজ নিজ দেশের নীতি অনুসরণ করেন।
তিনি বলেন, কোনও ইউরোপীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে যে কোনও ধরণের ব্যবস্থা নিলে পুরো ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন হয়ে পড়বে। সরকারের মনে রাখা উচিত, ইউরোপীয় ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর সুসম্পর্ক রয়েছে।
ব্ঠৈক শেষে স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জিয়াউর রহমান অবশ্য সাংবাদিকদের বলেন, কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের দায়ে কোনও কুটনীতিকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে ‘ আমরা অবশ্যই তা সমর্থন করবো’। তিনি বলেন, কেউ যদি আমাদের দেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে কথা বলে, তার অবশ্যই চলে যাওয়া উচিত।
কমিটির সদস্য সরকারী দলের নাসের রহমান বলেন, কয়েকজন রাষ্ট্রদূত এমন ঔদ্ধত্বপূর্ণ এবং লাগামহীন কথা বলছেন যে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে এ বিষয়টি সংসদে উল্লেখ করতে হয়েছে।
বৈঠকের পর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানকে জিজ্ঞাসা করা হলে বিস্তারিত কিছু না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা এবিষয়ে শুনেছেন।
সুত্র জানায়, বৈঠকে বাংলাদেশের ৫৮টি মিশন নিয়ে আলোচনা হয়। বলা হয়, যে মিশনগুলো ভাল করছে তাদের আরও সহায়তা করা হবে। তবে যে মিশনগুলো দায়িত্ব পালন করতে পারছেনা সেগুলো বন্ধ করে দেয়া উচিত।
কমিটির সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফ এবং এম মোজাম্মেল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।
