স্পিকারকে লেখা চিঠি পত্রিকায় সঠিকভাবে উপস্থাপিত হয়নি: আইন মন্ত্রী
আইন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন, জাতীয় সংসদের স্পিকারকে তিনি যে চিঠি লিখেছিলেন, বিভিন্ন পত্রিকায় তার বিবরণ সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পত্রিকায় বেসরকারি বিল সংক্রান্ত যা প্রকাশিত হয়েছে, তিনি তা আদৌ বলেন নি। সাংবাদিকরা এ বিষয়ে তাদের মনগড়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে বলে মন্ত্রী দাবি করেন।
তিনি এ সময় স্পিকারের কাছে বেসরকারি বিল সংক্রান্ত লেখা চিঠির কপি উপস্থিত সাংবাদিকদের বিতরণ করেন।
স্পিকারকে লেখা আইনমন্ত্রী মওদুদ আহমেদ চিঠিতে লেখেন, ‘ইহা অত্যন্ত আশাব্যঞ্জক যে বর্তমান সংসদে সরকার দলীয় মাননীয় সদস্যগণ অনেক বেসরকারি বিল আনছেন। বেসরকারি বিল প্রস্ততকরণে সংসদ সদস্যগণ যে মেধা ও শ্রম ব্যয় করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় । এ কথা নিশ্চয় করে বলা যায়, যে মাননীয় সংসদ সদস্যগণের এই আগ্রহ ও উদ্যোগ বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের বিকাশে ইতিবাচক অবদান রাখছে ।’
আইনমন্ত্রীর চিঠিতে বলা হয়, ‘এখানে উল্লেখ্য যে, যদিও একজন সংসদ সদস্য হিসাবে সংসদে যে কোন বিল উত্থাপন করার অধিকার মাননীয় সংসদ সদস্যের রয়েছে, কিন্তু কোন বিলের বিষয়বস্তুতে সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী প্রশ্ন জড়িত থাকলে বিষয়টি সরকার এবং সংশ্লিষ্ট সদস্যের জন্য বিব্রতকর হতে পারে । তাছাড়া যেহেতু এ ধরণের বিলকে আইনে পরিণত করার জন্য সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন, সেহেতু এ ধরণের বিলে মাননীয় সংসদ নেতার সম্মতি থাকলে বিলটি আইনে পরিণত করা সহজ হবে।’
মন্ত্রী অভিযোগ করেন যে চিঠিটা না পড়েই রিপোর্ট লেখা হয়েছে।
