২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কটের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি

সংশয়পূর্ণ তথ্য প্রদান করায় একটি সংসদীয় স্থায়ী কমিটি বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিয়ে উস্মা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিপিডিবি জানায় মঙ্গলবার দেশে বিদ্যুতের উৎপাদন ছিল ৩ হাজার ২ শ ৮০ মেগাওয়াট।

কিন্তু বিপিডিবি ২০০৪ সালের ৮ আগস্ট সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছিল, দেশে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ৪ হাজার ১ শ ৮২ মেগাওয়াট এবং প্রকৃত উৎপাদন  ক্ষমতা ৩ হাজার ৭ শ মেগাওয়াট।

কেন তারা ভুল তথ্য প্রদান করেছে সংসদীয় স্থায়ী কমিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে তা জানতে চেয়েছে।

একটি সূত্র জানায়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৈঠকে জানান, যন্ত্রপাতিতে যে উৎপাদন  ক্ষমতা লেখা থাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা তার চেয়ে কম।

বিপিডিবি কর্মকর্তারা বৈঠকে জানান, গ্যাস সরবরাহ না থাকায় তারা পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারছেন না। সূত্র জানায়, কর্মকর্তারা বৈঠকে আরও জানান, গ্যাসের সরবরাহ পর্যাপ্ত না থাকায় আমরা ঘোড়াশালে ৪ শ মেগাওয়াট কম এবং সিদ্ধিরগঞ্জে ১৩০ মেগাওয়াট কম উৎপাদন করছি।

পেট্রোবাংলা দাবি করেছে যে, গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা একসাথে আগামী ২৮ মার্চ একটি বৈঠকে বসবেন।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান বিদ্যুৎ সঙ্কটের কারণে শিল্প ও কৃষি উৎপাদনে এবং জনজীবনে যে বিঘœ সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং কমিটির সদস্য সরদার শওকত হোসেন বকুল, শামসুজ্জোহা খান ও হাবিবুল ইসলাম হাবিব।