২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদভবনে প্রবেশকালে সাংবাদিকদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার

সংসদভবনে খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে চাইলে মঙ্গলবার দৈনিক ইনকিলাব ও নিউ এইজের দুই সাংবাদিকের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 04:05 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন সূত্রে জানা যায়, খবর সংগ্রহের জন্য মঙ্গলবার সকালে সংসদভবনে প্রবেশের সময় খেজুরবাগান এলাকায় দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হারুন জামিল এবং নিউ এইজের সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম মিঠুর সঙ্গে পুলিশ বাহিনীর দুই সদস্য অশালীন আচরণ করে।

সাংবাদিকরা তাদের পরিচয় দিয়ে সংসদে প্রবেশের পাস দেখানোর পরও পুলিশের ওই সদস্যরা মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে হারুন জামিলের পকেট থেকে পুলিশ কনস্টেবল আনোয়ার সংসদে ঢোকার পাসসহ সকল কাগজপত্র কেড়ে নেয় এবং তাকে হেনস্তা করে।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) এ ঘটনার নিন্দা জানিয়েছে। বিপিজেএ’র সভাপতি শাহজাহান সরদার এবং সাধারণ সম্পাদক আশিস সৈকত এক বিবৃতিতে বলেন, ‘পেশাগত কাজে যাওয়ার পথে পুলিশের এ ধরনের আচরণ দুর্ভাগ্যজনক।’ তারা অবিলম্বে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ব্যাপারে তারা স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।