পার্বত্য চট্টগ্রামে দাতা গোষ্ঠির সফর শুরু
বিদেশী দাতা গোষ্ঠির একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে রোববার পার্বত্য জেলা বান্দরবানে পৌঁছেছে। ইইউ, ইসি ও ইউএনডিপির নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নরওয়ের রাষ্ট্রদূত অডলাইজ নরহিন।
প্রতিনিধি দলের সূত্রে জানা যায়, জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো পাহাড়ে শান্তিচুক্তি উত্তর চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করতে যাচ্ছে।
জানা যায়, দাতা গোষ্ঠি তাদের উন্নয়ন কর্মকাণ্ডে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িÑএই তিন পার্বত্য জেলায় আরও নয়টি উপজেলাকে সংযোজিত করবে। এ জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এরই অংশ হিসেবে পাহাড়ে ৩,০০০টি পাড়ায় উন্নয়ন কার্যক্রম শুরু হচ্ছে।
দাতা গোষ্ঠির প্রতিনিধি দলটি রোববার বান্দরবান জেলা প্রশাসক শেখ আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জেলা প্রশাসক বিডিনিউজকে জানান, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে দু’পক্ষের মধ্যে আলাপচারিতা হয়। তিনি আরও জানান, প্রতিনিধি দলের পক্ষ থেকে তার কাছে পাহাড়ের আইনÑশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টিও জানতে চাওয়া হয়।
