২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কয়েকটি সীমান্তে সংঘাত: সোমবার আগরতলায় বিডিআর-বিএসএফ’র সীমান্ত সম্মেলন

আন্তর্জাতিক আইন লংঘন করে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্য দিয়ে সোমবার থেকে আগরতলায় চারদিন ব্যাপী বিডিআর-বিএসএফ’র উপ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং বিএসএফ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও লোকবল বৃদ্ধি করছে। শনিবার রাতে খাগড়াছড়ির রামগড় ও আধারমানিক সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিলে বিডিআর প্রতিবাদ জানায়। ফলে  বিডিআর-বিএসএফ’র মধ্যে  গুলি বিনিময় হয়েছে রাতভর ।

 খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠেয় সীমান্ত সম্মেলনে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিডিআর’র উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম গোলাম রব্বানী। অপরপক্ষে ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ আসাম, মেঘালয়, মনিপুর ও নাগাল্যান্ড এর আইজি এসসি শ্রীভাসতাবা।

সম্মেলনে সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে বিভিন্ন স্থাপনা যেমন-রাস্তা, সেতু, কাঁটাতারের বেড়া নির্মাণ, পাম্প হাউজ বসানো, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক সাধারণ বাংলাদেশী নাগরিকের উপর গুলিবর্ষন ও হত্যা, বিএসএফ কর্তৃক সীমান্ত লঙ্ঘন, বিএসএফ কর্তৃক বাংলাদেশ-ভারত সীমান্ত রেখায় বিএসএফ এর ক্যাম্প স্থাপন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশ সীমান্তে উন্নয়নমূলক কর্মকান্ডে বিএসএফ কর্তৃক বাঁধা প্রদান এবং অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ অন্যান্য দ্রব্যাদির চোরাচালান সংক্রান্ত বিষয় আলোচনায় স্থান পাবে। সম্মেলন আগামী ১৭ মার্চ শেষ হবে।

এদিকে বিএসএফ শনিবার রাত ১০টায় খাগড়াছড়ির  রামগড় সীমান্তে গোপনে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে বিডিআর প্রথমে বাঁশি বাজিয়ে তাদের সর্তক করে দেয়। এরপরেই আকস্মিক বিএসএফ  বাংলাদেশের বসত-বাড়ি ও বিডিআরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বিডিআরও পাল্টাগুলি ছোঁড়ে। মধ্যরাত পর্যন্ত থেমে থেমে ভারী আস্ত্রের গর্জনে রামগড় সীমান্ত রণেেত্র পরিণত হয়।

আঁধারমানিক সীমান্তে গত শনিবার রাতে ১০টার দিকে পঞ্চরামপাড়ায় বিএসএফ সীমান্ত আইন লংঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে সংকেত দিয়ে বিডিআর প্রথমে নির্মাণ কাজ বন্ধের অনুরোধ ও পরে বাধা দেয়। এর পর পরই বিএসএফ গুলি ছুড়তে থাকে। আকস্মিক গুলি ছুড়ে মারলে বিডিআরও পাল্টা গুলি ছুড়ে। থেমে থেমে রাতভর গোলাগুলির ঘটনায় নতুন করে রামগড় সীমান্তের কাসিবাড়ি, পঞ্চরামপাড়া, কাঠালতলি, ছোট খেদা, বৈষ্ণবপাড়া, নিতাই বৈষ্ণব, বাগান বাজার, আনন্দনগর, মহামুনি, ফেনী নদীর কূল এলাকা থেকে লোকজন নিরাপদ এলাকায় সরে গিয়েছে।

ইতিমেধ্যেরামগড়-অযোধ্যা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দু‘টি প্রাথমিক স্কুল। 

এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া অঞ্চলের চার জেলার সীমান্তের এক তৃতীয়াংশই  কাঁটাতারের বেড়া দিয়ে  ঘিরে ফেলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত প্রায় এক দশকে ভারত তাদের প্রথম পর্যায়ের পরিকল্পনার অংশ  হিসেবে বাস্তবায়ন করছে। এ নিয়ে উভয় দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি।

ওই চারটি জেলার স্থল সীমান্তে বিএসএফ এ পর্যন্ত ২০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। এছাড়া বাকী প্রায় ৭০ কিলোমিটার সীমান্তেও তারা নির্মাণ করতে যাচ্ছে কাঁটাতারের বেড়া। জানা গেছে, ঝিনাইদহে ৪০ কিলোমিটার, মেহেরপুরে ৯৪ কিলোমিটার,  চুয়াডাঙ্গায় ৪৭ কিলোমিটার এবং কুষ্টিয়ায় ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে ।

বিডিআর’র কুষ্টিয়া সেক্টরের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন. ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বিডিআর জোয়ানরা সতর্ক অবস্থায় রয়েছে।    তিনি বলেন, আমরা এখন বিএসএফ’র যে কোনো আক্রমনের জবাব দিতে সীমান্তে কঠোর সতর্ক অবস্থানে রয়েছি।