২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস রপ্তানির শর্ত ছাড়াই বাংলাদেশকে ঋণ দিতে যাচ্ছে এডিবি

পাইপলাইনের মাধ্যমে ভারতে সীমিত গ্যাস রপ্তানি ছাড়া অর্থায়ন নয়, এ অবস্থান থেকে সরে এসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গ্যাস খাত উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ঋণ দিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সরকারি সূত্রগুলো জানায়, এডিবি গ্যাস খাত উন্নয়নে সাতটি প্রকল্পের জন্য ২১৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। তবে এর জন্য দেশীয় মুদ্রায় আরো ১৯৮ মিলিয়ন মার্কিন ডলারের যোগান দিতে হবে বাংলাদেশ সরকারকে। পুরো প্রকল্প খরচ দাঁড়াবে ৪১৩ মিলিয়ন মার্কিন ডলারে।

ঋণ দেয়ার জন্য এডিবি গ্যাস রপ্তানির শর্ত থেকে সরে আসলেও সরকারকে জরুরি কিছু বিষয় বাস্তবায়নের তাগিদ দিয়েছে। এর মধ্যে রয়েছে, এনার্জি রেগুলেটরি কমিশনকে কার্যকর, জাতীয় জ্বালানি নীতি সংশোধন এবং গ্যাস আইন চূড়ান্ত করে সঞ্চালন ও বিতরণ খাতে বেসরকারি খাতের অংশগ্রহন নিশ্চিত, বাজারভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ এবং পেট্রোবাংলার ক্ষমতা কমিয়ে এর কোম্পানিগুলোকে আর্থিকভাবে সাবলম্বি ও স্বাধীন করা।

এডিবি‘র সফররত তথ্য অনুসন্ধান মিশনের দলিল থেকে এইসব তথ্য জানা গেছে।

এই দলিল এবং শর্ত নিয়ে রোববার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এডিবি মিশনের সমাপনী সভা অনুষ্ঠিত হবে। এতে এডিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে পায়া আবে গুণাবর্ধানা।

এডিবির গ্যাস খাত উন্নয়ন প্রকল্পগুলোর অধিকাংশই সঞ্চালন খাতের। এছাড়াও এডিবি সিলেট গ্যাস ফিল্ডে একটি এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডে দু’টি থ্রি-ডি সাইসমিক সার্ভে করার জন্য ঋণ দিতে রাজি। এই কাজ তারা বাপেক্সকে দিয়ে করানোর ব্যাপারে সম্মত। এডিবি রাজশাহীতে বিতরণ নেটওয়ার্ক স্থাপনেও ঋণ দেবে।

সমাপনী বৈঠকের পর ২৫ মার্চের মধ্যে সরকারকে “এডিবি‘র পরামর্শসহ ঋণ” নেবে কিনা সে বিষয়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সবুজ সংকেত পেলে এডিবি এই প্রকল্পের একটি ব্যবস্থাপনা মূল্যায়ন করবে ১১ এপ্রিলের মধ্যে। এরপর ২৫ থেকে ২৮ এপ্রিল ঢাকায় কাজ করবে আরেকটি দল। তাদের কাজ শেষে ২৩ থেকে ২৬ মে চলবে ঋণ নেগোসিয়েশন। ২৯ জুন এই প্রস্তাব এডিবি‘র বোর্ড সভায় অনুমোদনের জন্যে পেশ করা হবে। অনুমোদন হলে এই ঋণ তিন মাসের মধ্যে কার্যকর হবে।