চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ'র কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র উত্তেজনা
আন্তর্জাতিক আইন লংঘন করে সীমান্তের দেড়‘শ গজের মধ্যে ভারতের কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে চরম উত্তেজনা চলছে।
ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ জনবল বৃদ্ধি এবং বাংকার খুঁেড় ভারি অস্ত্র মোতায়েন করেছে। বাংলাদেশ রাইফেলস ভারতের গৃহীত পদক্ষেপকে উস্কানীমূলক হিসেবে আখ্যায়িত করে পাল্টা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রসমূহ থেকে জানা যায়, ১৮ রাইফেলস ব্যাটালিয়ন জেলার ৮৩ কিলোমিটারসহ ঝিনাইদহ ও মেহেরপুরের ১৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। সীমান্তের ১৫৫ কিলোমিটার এলাকার মধ্যে ৩৪ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া তৈরি এখন বাকী রয়েছে। এই ৩৪ কিলোমিটার এলাকায় কিছুদিন আগে তারা জরীপ চালায়।
১০ মার্চ রাতে ভারতের বিজয়নগর সীমান্তে বিএসএফ যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবস্থান নেয়। মোতায়েন করে প্রচুর জওয়ান ও ভারি অস্ত্রশস্ত্র। সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে লোকজন সরিয়ে বাড়ির ছাদে স্থাপন করা হয় ভারি মেশিনগান। বিএসএফ’র ২ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কামান্ডেন্ট সনোয়াল ১০ মার্চ রাত থেকে সীমান্তে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
১৮ নং রাইফেলসের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল আবু সুফিয়ান তালুকদার ১০ মার্চ থেকে সীমান্তে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। তিনি শুক্রবার বিডিনিউজকে জানান, সীমান্তে জিরো লাইনের দেড়’শ গজের মধ্যে কাটাতারের বেড়া স্থাপন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
লেফট্যানেন্ট কর্নেল আবু সুফিয়ান আরও জানান, গত ৫ মার্চ অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে সতর্ক করে দেয়া হয়। তারা কথা দিয়েছিল কোন উস্কানীমূলক তৎপরতা এ সীমান্তে হবে না। কিন্তু তারা কথা রাখেনি।
