আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে খতমে নবুওয়ত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবাইদুল হক আহমদিয়া সম্প্রদায়কে নিরাপত্তার প্রয়োজনে অমুসলিম ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মজলিস-এ তাহফুজ খতমে নবুওয়াত প্রধান মাওলানা ওবাইদুল হক বলেন, আহমদিয়ারা ইসলামের নামে মুসলমানদের সাথে প্রতারণা করছে। অমুসলিম ঘোষণা করা না হলে সচেতন জনতাই তাদের প্রতিহত করবে।
শুক্রবার পল্টন ময়দানে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন ২০০৫’-এ বক্তৃতাকালে তিনি একথা বলেন। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজ খতমে নবুওয়ত, বাংলাদেশ কাদিয়ানিদের (আহমদিয়া) অমুসলিম ঘোষণার দাবিতে এ সম্মেলনের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের লণ্ডন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নূরুল্লাহ, মিশরের প্রতিনিধি মাওলানা ওবাইদুল্লাহ, ক্বারী মোহাম্মদ ইউসুফ এবং আরিফ বিল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মীরা এতে যোগ দেন।
মাওলানা ওবাইদুল হক সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আহমদিয়ারা মোনাফেক এবং প্রতারক। তাই অমুসলিম ঘোষণা করতে হবে। এ দাবি মানা না হলে তা সরকার বা দেশের জন্য ভাল হবে না।
তিনি বলেন, আমরা তাদের দেশ থেকে বিতাড়িত করতে চাই না। তাদেরও এখানে বসবাসের অধিকার রয়েছে। কিন্তু তাদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নেই।
তিনি বলেন, বিশ্বের প্রায় ৪৮টি দেশে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। সরকার যদি ভাল চায়, তবে সেই সব দেশের মতো বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করা উচিত।
অন্য বক্তারা বলেন, জঙ্গীদের সাথে তাদের কোন সম্পর্ক নেই। আহলে হাদীসের সদস্যদের সাথে নিষিদ্ধ ও জঙ্গীদের সম্পর্ক থাকতে পারে।
সরকার তাদের ইসলামী জঙ্গী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
