পতাকা বৈঠক সত্তেও সীমান্তে উত্তেজনা কমেনি
বেশ কয়েকটি পতাকা বৈঠক সম্পন্ন হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারত সীমান্তে বৃহস্পতিবার পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি কোন পরিবর্তন ঘটেনি।
বুধবার মধ্যরাত থেকে খাগড়াছড়ির রামগড় সীমান্তে নতুন করে বিডিআর-বিএসএফ’র মাঝে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে প্রত্যক্ষ দর্শীরা বলেছেন, সীমান্তে বিডিআর ও বিএসএফ চুড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে এবং শক্তি সংগ্রহ অব্যহত রেখেছে।
সীমান্ত সূত্রে জানা যায়, বিএসএফ আক্রমনাত্মক মনোভাব নিয়ে সীমান্ত এলাকায় অসংখ্য ব্যাংকার স্থাপন, ভারী সমরাস্ত্র, কমান্ড বাহিনীসহ বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। আগরতলার সাব্র“ম সীমান্ত সংলগ্ন রাস্তায় রাস্তায় বিএসএফ’র সাজোয়া যান টহল দিচ্ছে।
বিডিআর’র কর্মকর্তারা রামগড়ে অবস্থান করছেন তবে সে এলাকা থেকে নতুন কোন সংকটের কথা জানা যায়নি। অন্যদিকে তবলছড়ি, পানছড়ি, অযোদ্ধাসহ বিভিন্ন সীমান্তে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে।
বিএসএফ রামগড়ের কাসিবাড়ি, পঞ্চরাম পাড়া, ছোট খেদাসহ বিভিন্ন সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে বিডিআর তা বানচাল করে দেয়।
সূত্র জানায়, বিএসএফ কাটা তারের বেড়া নির্মাণে নারী শ্রমিকদের নিয়োগ করে। কিন্তু বিডিআর সে প্রচেষ্টাও ব্যহত করে দেয়।
ইন্দো-বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী উভয় সীমান্তের ৩০০ গজের মধ্যে কোন ধরণের প্রতিরক্ষামূলক নির্মাণ কাজ না করার কথা থাকলেও বিএসএফ গত ১৬ ফেব্র“য়ারি থেকে রামগড় সীমান্তের কাসিবাড়ি, পঞ্চরামপাড়া, কাঠালতলী, ছোট খেদা, বৈষ্ণবপাড়ায় কাঁটা তারের বেড়া ও তিনটি সীমান্ত পিলার নির্মাণের চেষ্টা করে আসছে।
অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ বছরের পুরনো তবলছড়ি ব্রিজের পুনঃ নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। এছাড়াও ফেনী নদীতে বাংলাদেশ অংশে ভাঙ্গন রোধে পাথর ফেলতে অবৈধভাবে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী দল।
অপরদিকে সীমান্তে উত্তেজনার পর ছোট খেদা ও নিতাই বৈষ্ণব কারবারী পাড়ার দুটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।
বিডিআর জানায়, সমস্যাগুলো মিমাংসার জন্য শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে লালমনিরহাটের হাতিবান্ধায় বৃহস্পতিবার বিডিআর বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্ত পরিবেশ বজায় রাখতে সম্মত হয়। সিংঘিমারি সীমান্তে দু পক্ষের মধ্যে তীব্র বন্দুক যুদ্ধ হবার পর এ বৈঠক ডাকা হয়।
সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষ কোন বড় ধরনের কারণ না ঘটলে বা একান্ত বাধ্য না হলে সংঘর্ষে জড়াবে না বলে ঐক্যমত্যে পৌঁছায়।
বিডিআর ১৯ ব্যাটেলিয়নের পক্ষে কমাণ্ডিং অফিসার কর্ণেল মনজুর আহমেদ ও বিএসএফ’র কুচবিহারের ব্যাটেলিয়ন ৬ এর কম্যান্ডিং অফিসার কে এস গুনযালি যার যার পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক আইন অমান্য করে নোম্যানস ল্যাণ্ডে বিএসএফ কাটা তারের বেড়া নির্মানের চেষ্টা চালানোয় বিডিআর সদস্যরা বৈঠকে তাদের ভর্ৎসণা করেন।
উত্তরে বিএসএফ কর্মকর্তারা তাদের ভুল স্বীকার করেন এবং সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে তারা এমন কাজ আর করবেন না বলে জানান।
তিনঘন্টা বাপী বৈঠক শেষে উপয় পক্ষে সম্মত হয় যে, একটি যৌথ জরিপের পর সীমান্ত এলাকা চিহ্নিত করা হবে।
তবে সূত্র আরো জানায় বৈঠকের পরেও বিডিআর ও বিএসএফ কড়া সতার্কাবস্থায় ছিলো।
এদিকে সিংঘিমারি এলাকায় বিডিআরের হাতে ভারতীয় এক চর গ্রেফতার হয়েছে। সোম মন্দি (৩৫) নামের এই ব্যাক্তির বাস ভারতের পশ্চিমবঙ্গের রাচি জেলার ওইবুড়া গ্রামে।
এদিকে হিলি থেকে প্রাপ্ত খবলে জানা যায়, সেখানে বিডিআর ও বিএসএফ তাদের সেনা টহল অব্যহত রেখেছে।
এছাড়াও মৌলভী বাজারের কুলারার শফিপুর সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে।
