২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ক্লিনিক পরিচালনার দায়িত্ব পাচ্ছে এনজিও

বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত দেশের কমিউনিটি ক্লিনিকগুলো এনজিওর মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেশকিছু হাসপাতাল ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে এনজিওর কাছে ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সফল হলে সরকার ও এনজিওর যৌথ ব্যবস্থাপনায় এসব হাসপাতাল পরিচালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।

এমএ হাসেমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, দেশের মাত্র ১,৩৬২ টি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে দেশের ৩,২২৭ টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে।

মোহাম্মদ আলী সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের পরিবার পরিকল্পনা খাতে মোট জনবলের মধ্যে মাত্র ৪০ শতাংশের চাকরি রাজস্ব খাতভূক্ত। সরকার বাকি ৬০ শতাংশ জনবলকে দু’টি পর্বে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রস্তাব পাস হয়েছে।

হেলালুজ্জামান তালুকদার লালুর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য উপকেন্দ্রে একজন করে এমবিবিএস ডাক্তারের পদ রয়েছে। তবে পর্যাপ্ত ডাক্তার না থাকায় সব উপকেন্দ্রেই এমবিবিএস ডাক্তারের পোষ্টিং দেওয়া সম্ভব হয়না।

তিনি জানান, সরকার সর্বশেষ বিসিএস-এর মাধ্যমে প্রায় ১,১০০ এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়েছে। তাদেরকে কমপক্ষে দু’বছর ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে কাজ করার শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও ১০,০০০ ডাক্তারের পদ সৃষ্টির একটি পস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

নাজিমউদ্দিন আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ ও বিভাগীয় হাসপাতালে হৃদরোগ বিভাগ খোলার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে এসব হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনের কাজ শুরু হয়েছে।

মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ষিক ৪,১৮,৫০০ টাকার অষুধ সরবরাহ কর হয়ে থাকে। তবে চাহিদার ভিত্তিতে অনেক সময় বর্ধিত বরাদ্ধও দেওয়া হয়।

এসএ সুলতানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, জাতীয় হৃদরোগ হাসপাতালে বেড সংকট নিরসনে এর শয্যা সংখ্যা ২৫০ থেকে বৃদ্ধি করে ৪১৪-তে উন্নীত করা হয়েছে।

হেলালুজ্জামান তালুকদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা ৫০-এ, জেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে ২৫০-তে উন্নীত করা হচ্ছে।