বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নিয়োগ করতে যাচ্ছে মালয়েশিয়া
বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নিয়োগ শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার বৃহস্পতিবার বিডিনিউজকে একথা জানান।
দূতাবাসে বিডিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শফি ইউ আহমেদ বলেন, এদেশে এখন অবৈধ বাংলাদেশী শ্রমিকের সংখ্যা খুব কম, অধিকাংশই ইতোমধ্যে দেশে ফিরে গেছে। এবং হতে পারে সে কারণেই মালয়েশীয় কর্তৃপক্ষ খুশি হয়ে নতুন করে বাংলাদেশী শ্রমিক নিয়োগ করতে চাইছে।
রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার পর কেবল বাংলাদেশের শ্রমিকরাই এমন সুযোগ পাচ্ছে। অন্য কোন দেশই এ সুযোগ পাচ্ছে না।
সরকারি হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের সংখ্যা ১ লাখ ১৩ হাজার বলা হলেও শফি আহমেদ বলেন, আমি মনে করি এই সংখ্যা ৯০ থেকে ৯৫ হাজারের বেশি হবে না।
কোনও ডিপোর্টেশন ক্যাম্পে এ মুহূর্তে কোন বাংলাদেশী শ্রমিক আটক রয়েছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশী রাষ্ট্রদূত জানান, অপরাধী সাব্যস্ত হয়ে কারাবন্দি রয়েছে, এমন কিছু শ্রমিক ছাড়া আর কেউই এ ধরণের ক্যাম্পগুলোতে আটক নেই। তবে এর সংখ্যাও খুব কম। শফি আহমেদ জানান, বর্তমানে ১৭১ জন বাংলাদেশী মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে শাস্তির মেয়াদ কাটাচ্ছে।
সব মিলিয়ে ঠিক কতজন বাংলাদেশী মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছে, তার সঠিক কোন পরিসংখ্যান জানা যায়নি।
অন্যদিকে, যারা চার মাসের সাধারণ ক্ষমা ঘোষণার সময়সীমা অর্থাৎ গত ২৮ ফেব্র“য়ারি পার হয়ে যাবার পর মালয়েশিয়া ছেড়েছে, তাদের আঙ্গুলের ছাপ রেখে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ এবং তাদের আর কোনভাবেই মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হবে না, জানালেন বাংলাদেশী রাষ্ট্রদূত।
১৪ অক্টোবর ২০০৪ থেকে ৩১ জানুয়ারি ২০০৫ এই সময়ের মধ্যে মালয়েশীয় কর্তৃপক্ষ সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরে এ সময়সীমা ২৮ ফেব্রƒয়ারি ২০০৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়। এর নাম দেয়া হয়েছিলো ‘অপারেশন নসিহত’। এ সময়ের মধ্যে অবৈধ অবস্থানকারী ৮ হাজার বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে যায়। অন্য কেউ কেউ থেকে যায় হয় অর্থের অভাবে অথবা আর ফিরতে পারবে না, এমন আশঙ্কায়। কিন্তু যারা যথাসময়ে ফিরে গিয়েছিলো তাদের এখন ফেরত আনার ব্যবস্থা চলছে, বললেন রাষ্ট্রদূত।
এমনেস্টি বা সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ ‘অপস তেগাস’ নামে ক্র্যাকডাউন অপারেশন শুরু করে। আটকে ফেলে শত শত অবৈধ শ্রমিককে, যাদের অধিকাংশই ইন্দোনেশীয়।
বাংলাদেশী অবৈধ শ্রমিকদের জন্য দালালদের দেয়া ট্রাভেল পাস নিয়ে যেসব শ্রমিক মালয়েশিয়ার বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছে, তাদের বিষয়ে জানতে চাওয়া হলে হাই কমিশনার বলেন, তারা এ পর্যন্ত এমন মাত্র তিনটি ঘটনার কথা জেনেছেন- একটি পেনাং থেকে এবং অন্য দুটো জোহর বারু এলাকা থেকে। কোথায় তারা এ পাসগুলো পেয়েছে, তা জানতে চাওয়া হলে তারা তা জানায়নি।
শফি আহমেদ বলেন, আমরা আরো শুনেছি অবৈধ শ্রমিকদের কাছে চড়া দামে বিমান টিকেট বিক্রি করা হয়েছে, কিন্তু তাদের আইনের আওতায় এনে বিচার করার মতো ক্ষমতা আমাদের নেই।
হাই কমিশনের কর্মকর্তা/কর্মচারিদের অসাধু পথ অবলম্বনের প্রসঙ্গে জানতে যাওয়া হলে রাষ্ট্রদূত বলেন, কেউ যদি এমন অভিযোগ উত্থাপন করেন, তবে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অসত্য।
শফি আহমেদ বলেন, হাই কমিশনে অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আসলে অনেক শ্রমিক রয়েছে যারা প্রয়োজনীয় ফরমগুলো পড়তে পারে না কিংবা ঠিকমতো পূরণ করতে পারেনা। এরাই মূলত ওইসব লোকের কাছে যায়, যাদের আপনারা দালাল বলছেন।
মালয়েশিয়ায় শিল্পখাতগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এ মুহূর্তে ৩ লাখ বিদেশী শ্রমিক নিয়োগ প্রয়োজন। শ্রমিক অভাবে দেশটির শিল্প কারখানাগুলোর কোটি কোটি রিঙ্গিত ক্ষতি হচ্ছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ড. ফং চ্যানের শিল্প মালিকদের সাথে বৈঠকে বসার কথা ছিলো। শ্রমিক সমস্যা দেশটির শিল্পখাতকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, সে ব্যাপারে একটি স্পষ্ট চিত্র পেতেই এ বৈঠক আহবান করেন তিনি।
মালয়েশিয়ার মাস্টার বিল্ডার এ্যাসোসিয়েশনের মহাসচিব ওয়ান চি লিওং অবশ্য ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, দেশটির নির্মাণ খাত এখন শ্রমিক স্বল্পতায় আক্রান্ত।
