মৌচাকে গণপিটুনির শিকার মহিলা ছিনতাইকারী
রাজধানীর মৌচাক মোড়ে বৃহস্পতিবার সকালে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে এক মহিলা ছিনতাইকারী (২৫)।
সে সময় ছিনতাই কবলিত অজ্ঞাত পরিচয় এক মহিলা রিকসারোহীও (৩০) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় এক মহিলা যাত্রী রিকসাযোগে মৌচাক মার্কেটের সামনে নামলে ছিনতাইকারী মহিলাটি ছোরা দেখিয়ে তার হাতের মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মোবাইলের মালিকের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য লোকজন ছুটে আসে এবং ছিনতাইকারীকে ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে একটি সিএনজিতে তুলে দেয় এবং সে প্রাণে রক্ষা পায়। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের অভিযোগ: ওই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে, কিন্তু পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার না করে ছেড়ে দেয়।
