ডাকাতের হাতে রেলওয়ের সাবেক মহাপরিচালক গুরুতর আহত
বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক এমএ মন্নাফ (৬৫) কে মোহাম্মদপুরের বাসায় ঢুকে এক দল ডাকাত বুধবার কুপিয়ে আহত করে।
ডাকাতরা তার ৪২০/৫ বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসা থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার এবং একটি হীরার চেইন নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম জোন) ডিসি মাজহারুল হক বিডিনিউজকে জানান, এমএ মন্নাফের অবস্থা গুরুতর।
তিনি বলেন, মাথার সিটি স্ক্যান করার জন্য তাকে (মন্নাফকে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পপুলার ডায়গনোস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, বুধবার পৌনে বারটার দিকে এক দল ডাকাত এমএ মন্নাফের বাসায় ঢুকে বাসার দুই কাজের লোককে স্টোররুমে আটকে রাখে। এসময়ে মন্নাফ তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তার মাথায় বটি দিয়ে আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে আহতের পুত্রবধূ খালেদা হক ও ভাতিজা জামাল এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
