রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত নাইজেরীয় রাষ্ট্রদূতের সাক্ষাত
নবনিযুক্ত নাইজেরিয়ার রাষ্ট্রদূত আবু বকর গারবা আবদুল্লাহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাত করেন।
নাইজেরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে বর্তমানে বিরাজমান নিবিড় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির ব্যাপারেও বাংলাদেশের সমর্থন পূনর্ব্যক্ত করেন।
অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দু’দেশের মধ্যে শিক্ষক, প্রকৌশলী ও চিকিৎসক প্রতিনিধিসহ জনশক্তি বিনিময়ের ওপর জোর দেন।
তিনি বলেন, পরস্পরকে আরও নিবিড়ভাবে জানার জন্য দু’দেশের ছাত্র-শিক্ষকদের মধ্যে আরও ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলা যেতে পারে।
তিনি দিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দু দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ব্যাপারে জোর দেন। তিনি বলেন, নাইজেরিয়া আমাদের মেলামাইন সামগ্রী, চামড়াদ্রব্য এবং ওষুধসহ অন্যান্য পণ্য আমদানি করতে পারে।
নাইজেরীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের ব্যাপারে তিনি আমন্ত্রণ জানান।
নয়াদিল্লিভিত্তিক বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত নাইজেরীয় রাষ্ট্রদূত দু দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার দু’দেশই প্রতিশ্র“তিবদ্ধ এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে দু’দেশই যৌথভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে বঙ্গভবনে নাইজেরীয় রাষ্ট্রদূতের সম্মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় রাষ্ট্রপতির সচিব এমডি আবু সোলায়মান চৌধুরী, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান, প্রেস সচিব এম মোখলেছুর রহমান চৌধুরী এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সারওয়ার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।
