এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা
গত বছর অসদুপায় অবলম্বনের নতুন নতুন পন্থা আবিস্কৃত হওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হু্্ঁশিয়ারি উচ্চারণ করেছে শিক্ষা মন্ত্রনালয়।
বৃহস্পতিবার দেশের সাতটি বোর্ডে একযোগে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার একদিন আগে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও একই সাথে অনুষ্ঠিত হবে।
পিআইডিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, বইয়ের পাতা ছিঁড়ে নেওয়ার পুরণো পন্থা ছাড়াও বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পাঠানো এবং উত্তরপত্র পরিবর্তন করার মতো ঘটনার সাথে কিছু অসৎ শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, এবারে এমন কোনও ঘটনার সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে পরীক্ষা আইন, ১৯৮০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরির্শনের জন্য হেলিকপ্টার ব্যবহার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেন, এ উপলক্ষে হেলিকপ্টার ব্যবহারের কোনও নিয়ম নেই। তবে দরকার হলে এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব।
লিখিত পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে। সাতটি বিদেশী কেন্দ্রসহ মোট ১,৭৪৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাতটি বোর্ডে এ বছর মোট ২,১৯,৫৬৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এছাড়া দাখিল পরীক্ষায় মোট ১,৫৯,৯০১ জন এবং কারিগরি পরীক্ষায় ৩৬,০৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব ফারুক আহমেদ সিদ্দিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক দিলারা হাফিজ।
