বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা গত তিন বছরে যে উন্নয়ন করেছি, আওয়ামী লীগ তাদের পাঁচ বছরেও তা করতে পারেনি।
সোমবার বিকেল চারটায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত স্থানীয় বড় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ সরকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, মিল কারখানা, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট এবং সকল ধমীর্য় প্রতিষ্ঠান নির্মাণসহ একের পর এক দেশের উন্নয়ন করে যাচ্ছে।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায়না দেশের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে স্বনির্ভর হয়ে দেশের হাল ধরুক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কথায় কথায় হরতাল নৈরাজ্য করে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করার চক্রান্ত করছে।
খালেদা জিয়া বলেন দেশে যখন ব্যাপক বিদেশী বিনিয়োগ আসছে, তখন তারা এসব অন্য দেশে পাঠানোর ষড়যন্ত্রে লিপ্ত। জোট সরকার আবার ক্ষমতায় গেলে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করবে। এর আগে প্রধানমন্ত্রী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ-২ এর তত্ত্বাবধানে ৯৭ কোটি টাকা ব্যয়ে গভীর নলকূপ প্রকল্পের ভু-গর্ভস্থ্য পানির লাইন উদ্বোধন করেন।
কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন।
