২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর বিভাগীয় নেতা টিক্কা ক্রসফায়ারে নিহত

গণবাহিনীর আঞ্চলিক নেতা রুহুল ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার এক দিনের মধ্যেই কুষ্টিয়ায় সোমবার ভোরে পুলিশ ও চরমপন্থিদের মধ্যে বন্দুকযুদ্ধে ‘ক্রসফায়ারে’ নিহত হলেন জাসদ গণবাহিনী খুলনা বিভাগীয় নেতা আব্দুস সামাদ ওরফে টিক্কা ওরফে মাগুর। বন্দুকযুদ্ধে আহত হয়েছে পুলিশের ৪ সদস্য।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

রোববার সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওপাড়া বাজারের উত্তর পার্শ্বে জিকে ক্যানেল পাড়ে এ বন্দুকযুদ্ধ ঘটে।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে  ৬টি তাজা বন্দুকের কার্তুজ , ৩টি তাজা রিভলবারের গুলি ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত ২৭ ফেব্র“য়ারী রাতে নাটোর জেলার লালপুর গোপালপুর চিনিকল এলাকা থেকে আত্মগোপন করা অবস্থায় দহকোলা নওপাড়া গ্রামের জাহান আলীর ছেলে টিক্কাকে গ্রেফতার করা হয়। এরপর লালপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলে পাঠায়।

গত ৫ মার্চ নাটোর জেল থেকে ছাড়া পেয়ে বাইরে আসার সাথে সাথে সাদা পোশাকে পুলিশ টিক্কাকে আবার গ্রেফতার করে। ঐদিনই তাকে কুষ্টিয়া থানা পুলিশ হেফাজতে নেয়। 

পুলিশের ভাষ্য মতে, তার দেয়া তথ্যানুযায়ী তাকে নিয়ে রোববার রাত সাড়ে ৩টার দিকে তার দলের অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারে বের হলে নওয়াপাড়া যাওয়ার পথে জিকে ক্যানেলের কাছে পৌছামাত্রই সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে প্রায় ৭০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২৯ রাউন্ড গুলি চালিয়েছে বলে জানায়।

পরে সন্ত্রাসী টিক্কা পুলিশী হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ টিক্কাকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, মোস্ট ওয়ান্টেড টিক্কার  বিরুদ্ধে কুষ্টিয়া সদর, ইবি থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরন, অস্ত্র, ও চাঁদাবাজীর প্রায় ১ ডজন মামলা রয়েছে। সে দীর্ঘ এক যুগেরও বেশী সময় চরমপন্থী দলের সাথে জড়িত।

এর আগে গত ৪ মার্চ জেলার কুমারখালী উপজেলায় পুলিশ ও দু দলের চরমপন্থির মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে গণবাহিনীর আঞ্চলিক নেতা ছাত্তার নিহত হয়।

এ নিয়ে গত সাত মাসে কুষ্টিয়ায় র‌্যাবÑপুলিশ যৌথবাহিনীর হাতে বন্দুক যুদ্ধ ও ক্রসফায়ারে ৩৮ জন চরমপন্থি সন্ত্রাসী নিহত হল।