সুনামির ফলে দেশের ভূগর্ভস্থ পানির স্তর ওঠানামা করছে
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কটি দেশে ২৬ ডিসেম্বরের প্রলয়ঙ্করী সুনামির আঘাতে দেশের ভূগর্ভস্থ পানির স্তরেরও মৌলিক পরিবর্তন লক্ষ করা গেছে।
বাংলাদেশ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) দেশের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তরের অস্বাভাবিক এ পরিবর্তন পর্যবেক্ষণ করেছে।
বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন বিষয়ক জরিপ ও পর্যবেক্ষণ প্রকল্পের প্রধান ভূতাত্ত্বিক খন্দকার ফজল হাসান সোমবার বিডিনিউজকে বলেন, ভূগর্ভস্থ পানির স্তরে অতিমাত্রায় ওঠানামা লক্ষ করা গেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা মাগুড়ায়। মাগুড়ার ভূগর্ভস্থ পানির স্তরের এই ওঠানামা ছিল ১ দশমিক ৮৫ মিটার।
খন্দকার ফজল হাসান ব্যাখ্যা করেন যে, ভূমিকম্প ও সুনামির ওই দিনে মাগুড়া জেলার ভূগর্ভস্থ পানির স্তর ছিল ৪ দশমিক ১২ মিটার। ভূমিকম্পের আঘাতে প্রথমে এ স্তর ৫ দশমিক ২০ মিটারে নেমে যায় এবং আকস্মিকভাবে ৩ দশমিক ৪ মিটার ওপরে উঠে আসে।
সর্বমোট ১০৯টি পানির স্তর পরিমাপক স্বয়ংক্রিয় যন্ত্র ১০৮টি উপজেলায় ভূমিকম্পের প্রভাবজনিত ফলাফল সংগ্রহ করে। পানির স্তরে ওঠানামার সর্বাধিক রেকর্ড ছিল যশোর, সাতক্ষিরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও রাজবাড়ি জেলায়।
পানির স্তরের এ ওঠানামার স্থিতি ফরিদপুর ও রাজবাড়িতে যথাক্রমে ১ দশমিক ২ মিটার ও ১ দশমিক ৫ মিটার রেকর্ড করা হয়।
দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে সবচেয়ে নিুমাত্রার ওঠানামা পরিলক্ষিত হয়। ভূগর্ভস্থ পানির স্তরে মধ্যমাত্রার আন্দোলন পরিলক্ষিত হয় জামালপুর ও টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় এ কম্পনের পরিমাণ ছিল ১ মিটার।
দেশের কেন্দ্রীয় অবস্থানে পানির স্তরের এ আন্দোলনের পরিমাণ ছিল প্রান্তিক পর্যায়ের। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এ ওঠানামার পরিমাণ দশমিক ৫ মিটার বলে পরিমাপ তালিকায় উল্লেখ করা হয়েছে।
ঢাকার নিকটবর্তী গাজিপুর জেলায়ও পানির স্তরের এ ওঠানামা ছিল নিুমাত্রার। দেশের পূর্বাঞ্চল তথা কুমিল্লা জেলার এ আন্দোলনের পরিমাণ দশমিক ৮৫ মিটার রেকর্ড করা হয়েছে জেলার লাকসাম উপজেলায়।
ভূতাত্ত্বিক ফজল হাসান বলেন, যদিও বাংলাদেশে ভূমিকম্পের কোনও কারণ নেই, তবু ভূগর্ভস্থ পানির স্তরের এ ধরণের ওঠানামার বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে।
তিনি বলেন, বিএডিসির এক জরিপে দেখা গেছে সেচকাজে ব্যবহৃত মোট পানির শতকরা ৬৮ ভাগই আসে ভূগর্ভস্থ উৎস থেকে। গড়ে ৩০ লাখ হেক্টর জমির সেচকাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়ে থাকে।
