গ্রীষ্মের শুরুতেই মৌসুমি অসুখবিসুখ
গ্রীষ্ম শুরুর সাথে সাথেই টাইফয়েডসহ ভাইরাসজনিত বিভিন্ন রোগ সারাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। চিকিৎসক ও হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষত শিশুকিশোররা ইতোমধ্যেই এসব মৌসুমি রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
বসন্তের শুরুতে বিশুদ্ধ খাবার পনির ঘাটতি দেখা দেয় এবং এ সময়টায় মৌসুমি রোগের প্রকোপ বেড়ে যায়। শিশুকিশোর ও নবজাতকরা প্রচণ্ড জ্বরসহ নানারকম ভাইরাসজনিত রোগের শিকার হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এসএমএ সিদ্দিকি বলেন, ‘জ্বর ও জ্বরসহ অন্য যেসব রোগে এখন লোকজন ভুগছে সেগুলোর সবই পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।’
তিনি বলেন, ‘দূষিত পানি এবং বাসি ও ভালোভাবে প্রক্রিয়াজাত নয়, এমন সব খাবারই এসব রোগের জীবাণু বহনের জন্য প্রধানত দায়ী।’
তিনি বলেন,‘দেশের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে এবং শীত থেকে গ্রীষ্মে আসার মাধ্যমে ঋতু পরিক্রমায় আমরা একটা ক্রান্তিকালীন আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এসময় জ্বর হওয়াটা স্বাভাবিক ব্যাপার।’
এসব মৌসুমি রোগ তিন চার দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকরা সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন। মাঝে মাঝে এসব রোগ আবার ছয়-সাত দিন পর্যন্তও স্থায়ী হয়ে থাকে।
ডাক্তার সিদ্দিকি জানান, এ সময় টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত একটানা প্রচণ্ড জ্বর থাকলে শিশুদের এ রোগ দেখা দিতে পারে।
তিনি বলেন, ‘টাইফয়েডের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র বেশ দামি, যে কারণে দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না।’
তিনি আরও বলেন, ‘ভাইরাস সংক্রমণের ব্যাপারটি মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশি দেখা যায়।’
শহরের দূষিত পরিবেশ, তাপমাত্রার ঘন ঘন ওঠানামার কারণে এবং অতিরিক্ত জনবহুল পরিবেশ থেকেই ভাইরাস সংক্রমণ বেশি ঘটে থাকে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা শতকরা ২৫ ভাগ রোগীই থাকে টাইফয়েড আক্রান্ত।’
রোগ বিশেষজ্ঞরা বলেন, আমাদের দেশের অধিকাংশ লোকই রোগ সংক্রমণ সম্পর্কে তেমন সচেতন নয়। আক্রান্ত লোকেরা কাজ করতে যায় আর আক্রান্ত শিশুরাও স্কুলে যায়। এভাবেই তারা রোগের সংক্রমণ বাড়িয়ে তোলে। ভাইরাসজনিত অসুখবিসুখগুলো সাধারণত হাঁচি, কাশি এবং বাড়িতে সবাই একসাথে ব্যবহার করে এমন সাধারণ জিনিসপত্রের মাধ্যমে অন্য জনের দেহে সংক্রমিত হয়।
তারা আরও জানান, ঘামের মাধ্যমে শরীর থেকে যে পরিমাণ পানি বেরিয়ে যায় তা পূরণ করতে এ সময় লোকজন বেশি বেশি পানি পান করে। আর এই পানি যদি দূষিত হয়, তাহলে প্রচুর পরিমাণে জীবাণু পেটে যায়। শরীরের যদি সেসব জীবাণুকে কাবু করার মতো ততটা রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলেই রোগবালাই দেখা দেয়।
ডাক্তার সিদ্দিকি ওষুধ সেবনের ব্যাপারে বলেন, ‘যে রোগীদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। সাধারণত এসব ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য কোনও ওষুধ গ্রহণ করা ঠিক নয়।’
