পূবাইলে ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠিত
গাজিপুরের পূবাইলে সোমবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা-ই-জামিল বিডিনিউজকে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি সরানোর কাজ চলছে। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই সেই লাইনে রেল চলাচল শুরু হবে বলে তিনি জানান।
তিনি জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তি পথচারী নাকি ট্রেন যাত্রী, তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসের একজন কর্মকর্তা, একজন প্রকৌশল কর্মকর্তা, একজন সিগন্যাল প্রকৌশল কর্মকর্তা এবং একজন মেকানিক্যাল প্রকৌশল কর্মকর্তাকে এই কমিটির সদস্য করা হয়েছে।
রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, জয়দেবপুর থানার পূবাইলে সকাল সাড়ে পাঁচটায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হলে ট্রেনের সকল বগি লাইনচ্যুত হয়ে যায়।
