মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস
৮ মার্চ মঙ্গলবার বিশ্ব নারী দিবস। দিনটি উদ্যাপন উপলক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সভা, সমাবেশ, র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কে একটি সেলাই কারখানার মহিলা শ্রমিকরা ১২ ঘন্টা কাজ, নিু মজুরী ও কর্মক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে তারা প্রবল পুলিশী বাধা ও নির্যাতনের শিকার হয়।
পরে ১৯১০ সালে কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজবাদী নেত্রী ক্লারা জেৎকিন-এর প্রস্তাবের ভিত্তিতে ৮ মার্চকে আর্ন্তজাতিক নারী দিবস ঘোষণা করা হয়।
নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক পৃথক বিবৃতি দেন।
জাতিসংঘ এ বছর নারী-পুরুষের সমতা বিধানের ওপর জোর দিয়েছে। জাতিসংঘ মহাসচিব কফি আনান আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, নারী-পুরুষের সমতা বিধানের দায়িত্ব শুধু নারীর নয়, এটা আমাদের সকলের দায়িত্ব।
বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও নারী সংগঠন এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সম্মিলিত নারী সমাজ কক্সবাজারের চকোরিয়ায় এবং রাজধানীর মুক্তাঙ্গনে র্যালি ও সভা করবে; এসিড সারভাইভরস ফাউণ্ডেশন ৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে এসিড সারভাইভারদের দ্বারা পরিচালিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
কর্মজীবী নারী সকাল ১০ টায় মুক্তাঙ্গনে র্যালী ও সমাবেশের আয়োজন করেছে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) সভা ও র্যালি আয়োজন করবে। বিপ্লবী নারী সংহতি বিকাল সাড়ে চারটায় টিএসসিতে নারী দিবস উপলক্ষ্যে র্যালি বের করবে।
এছাড়া দেশের রাজনৈতিক দলসমূহও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
