নারী অধিকার আদায়ে এক দশকে সচেতনতা বেড়েছে, সহিংসতা কমেনি
৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিবসকে সামনে রেখে তরুন শিক্ষাবিদ ও নারী নেত্রীরা বলছেন, নারী অধিকার আদায়ে গত এক দশকে সচেতনতা বেড়েছে। তবে নারীর প্রতি সহিংস আচরণ তথা নারী নির্যাতন এখনও বন্ধ হয়নি। বরং নারী নির্যাতন বেড়েই চলেছে। অন্যদিকে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার মানসকিতার কবল থেকে রেহাই পায়নি বিশ্ব নারী দিবসও।
কর্মজীবী নারী’র সভাপতি, নারী নেত্রী শিরীন আকতার বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে বলেন, গত এক দশকে নারীর অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে , প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে।
তিনি জানান, এই সময়ে নারী আন্দোলনের সবচেয়ে বড় অর্জন দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীর ফাঁসি।
তিনি বলেন, এরপরেও আরও অজস্র ঘটনা ঘটেছে বলে নারী নির্যাতনের মূলে যে সংকট রয়েছে, সেখানে আঘাত হানতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা।
তিনি আরও বলেন, এ সময়ে নারী আন্দোলনে সবচেয়ে বড় ব্যর্থতা হলো সংসদে সরাসরি নারী আসন নিশ্চিত করতে না পারা। এ ব্যাপারে বিভিন্ন নারী সংগঠন গুলো হাইকোর্টে মামলা করেছে বলে তিনি জানান।
শিরীন আকতার বলেন, দেখা যায় নারী আন্দোলনকে নানান রকম রাজনীতির আওতায় আনার চেষ্টা করা হয়। কিন্তু এটি একটি সুনির্দিষ্ট রাজনীতির আওতায় আনতে হবে।
নারী পক্ষের নারীনেত্রী ফেরদৌস আজিম বিডিনিউজকে বলেন, মেয়েদের জন্য পুরুষদের ‘পরাণ কান্দে’ এমন ধ্যান-ধারনা থেকে পুরুষরা যদি সহযোগিতা করতে আসেন, তাহলে তা মেয়েদের জন্য সুখকর হবেনা । কিন্তু যদি যৌথায়নের মানসিকতা নিয়ে পুরুষরা নারীদের সাহায্য করেন, তাহলে তা ঠিকই আছে।
তিনি বলেন, নারী দিবসের যে অতীত ইতিহাস তা থেকে একে কখনোই ‘পন্ডস বা রাঁধুনী নারী দিবস’ হিসেবে অভিহিত করা যায় না। আবার ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ মেয়েদেরকে বানিজ্যিকভাবে এখনও সেই সনাতনী পর্যায়েই রেখে দিয়েছে। যে পর্যন্ত এ সমাজে নারী- পুরুষের অধিকারে সমতা প্রতিষ্ঠা না হচ্ছে সে পর্যন্ত নারীর অধিকার অর্জন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ঠিক এ মুহূর্তে এ সময়ে নারী আন্দোলনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে পরিবার বা সমাজে নারীর প্রতি সহিংসতা রোধ করা। এখন সমাজে মোটামুটি সবাই বুঝতে পারেন, মেয়েরা নির্যাতিত হচ্ছে। এই বোধটুকু তৈরী হওয়ার অর্থ হচ্ছে নারী আন্দোলন অনেক এগিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, নারী দিবসে শুধুমাত্র একটি দিনেই নয়, বরং সারা বছরই নারী ইস্যু নিয়ে কাজ করে যেতে হবে। প্রতিবছর নারী আন্দোলনের অগ্রগতি কতটুকু, তা হিসাব করে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, গত দশ বছরে মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়েছে। মেয়েরা রাজনৈতিক অঙ্গণে কাজ করছে। তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন, এমনকি ইউনিয়ন পরিষদেও তারা যোগ্যতার স্বাক্ষর রাখছে। শিক্ষাঙ্গণেও মেয়েদের সাফল্য দেখার মতো। কিন্তু বরাবরই মৌলবাদীদের মূল টার্গেট হচ্ছে মেয়েরা। এ কারণে সাংস্কৃতিক অঙ্গণে তাদের পদচারণা হচ্ছে ব্যাহত ।
তিনি আরও বলেন, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বরং সারাদেশে নারী ইস্যুতে গড়ে তুলতে হবে সচেতনতা। শুধু মধ্যবিত্ত এলিট মেয়েদের মাঝে নয়, বরং সর্বস্তরের মেয়েদের মাঝে নারী আন্দোলনের ব্যাপকতা ছড়িয়ে দিতে হবে।
এসিড সারভাইভারস ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মুনিরা রহমান বলেন, আগের তুলনায় এখন এসিড সন্ত্রাসের হার কমেছে শুধুমাত্র আইনের প্রয়োগের ফলে। কিন্তু নারীর প্রতি সহিংসতা রোধে সর্বত্র আইনের যথাযথ প্রয়োগ এখনও হচ্ছে না। এ জন্য মনিটরিং-এর ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তাদের পক্ষে পাবলিক প্রোসিকিউটর মামলা পরিচালনা করে থাকে। এতে তারা শুধু মাত্র তথ্য সরবরাহ ও সাক্ষীদের মামলার ব্যাপারে সহযোগীতার জন্য তৈরি করে থাকে।
মুনিরা রহমান বলেন, পুরুষরা মেয়েদেরকে তাদের সম্পত্তি বলে গণ্য করে। তাদের এ চিন্তা ভাবনার পরিবর্তনের মাধ্যমে এসিড সন্ত্রাসের মতো ঘৃণ্য কাজ থেকে তাদের বিরত করা যায়। তরুন সমাজকে উদ্বুদ্ধ করে এসিড সন্ত্রাস রোধে সচেতনতা সৃষ্টি প্রয়োজন।
