২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি বহির্ভূত বিষয়গুলোই অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে: প্যারিস বৈঠকে দাতাদের মত

অর্থনীতি বহির্ভূত বিষয়গুলোই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে প্যারিস বৈঠকে দাতারা মত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

দাতারা দেশের প্রকল্প বাস্তবায়নে সন্তুষ্টি প্রকাশ করলেও দুর্নীতি রোধ ও আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে বলেছেন।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্যারিসে দাতাদের সঙ্গে চারদিনে বৈঠক শেষে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন।

অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থমন্ত্রীরা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) সহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সঙ্গে প্যারিস বৈঠকে যোগ দেন।

মন্ত্রী জানান, বৈঠকে অর্থমন্ত্রীরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জটিলতার সৃষ্টি করে এমন বেশ কিছু বিষয় নিয়ে দাতাদের সঙ্গে আলোচনা করেন।

এর মধ্যে অন্যতম বিষয় হিসেবে আলোচিত হয় দাতাদের প্রচুর সংখ্যক মিশন পাঠানোর বিষয়টি। মন্ত্রীরা জানান, দাতাদের বেশি সংখ্যক মিশনের কারণে সময় ও অর্থের অপচয় হয়। শুধুমাত্র বাংলাদেশেই প্রতি বছর দাতাদের মিশন আসে ২০০ থেকে ৩০০টি।

অথচ প্রতিটি দেশেই বিশ্বব্যাংক ও আইএমএফসহ দাতাদের স্থানীয় অফিস ছাড়াও জাতীয় সংসদের মতো জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান রয়েছে। সরকার এসব প্রতিষ্ঠানের কাছেই তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা তুলে ধরতে পারে।

এক্ষেত্রে এত বেশি মিশনের কোন প্রয়োজনীয়তা নেই বলেও তারা অভিমত ব্যক্ত করেন। দাতারাও অর্থমন্ত্রীদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বলে সাইফুর রহমান জানান।

তিনি জানান, মন্ত্রীরা দাতাদের কাছে তহবিল ছাড়ে বিলম্ব এবং প্রতিশ্র“তির তুলনায় কম অর্থ দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। তারা বলেন, দাতারা প্রতিশ্র“তি অনুযায়ী অর্থ দেয় না, এরপরও অর্থ ছাড় করতে বিলম্ব ঘটায়। এতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে।

তারা শর্ত ছাড়া ফলাফলের ভিত্তিতে সময়মত প্রতিশ্র“ত অর্থ দেওয়ার জন্য দাতাদের প্রতি আহ্বান জানান। দাতারা তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

মন্ত্রী আরও জানান, বৈঠকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় ২০১৫ সালের মধ্যে দারিদ্র অর্ধেকে নামিয়ে আনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হবে।