বাংলাদেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তবে এই স্বাধীনতার সদ্ব্যবহারের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ সাধনই সকলের লক্ষ্য হওয়া উচিত।
জাতীয় সাংবাদিক সংস্থার একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত ভূমিকা ও জাতীয় উন্নয়নে তাদের অবদান সকলের প্রশংসা অর্জন করেছে। রাষ্ট্রপতি এসময় দেশ ও জনগণের প্রতি দায়িত্বশীল থেকে অধিকতর গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার জন্যে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে তাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করে পেশাগত উন্নয়নে কয়েকটি সুপারিশ করেন। সুপারিশসমূহের মধ্যে আছে, সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাাস্ট গঠন, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, মফস্বল সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজবোর্ড রোঁয়েদাদ অনুসারে সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তাদের বেতনের ৮০ শতাংশ সরকারি কোষাগার থেকে প্রদান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান আলতাফ হোসেন ।
