৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সোমবার বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সকাল পৌনে ৭ টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এ সময় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে সোমবার জনতার ঢল নামে। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
পুষ্পার্ঘ্য অর্পনের পর শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে কোরান তেলাওয়াত করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ ভবনের দোতলার যে সিঁড়িতে বঙ্গবন্ধু ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হয়েছিলেন, তিনি সেই সিঁড়িতে বসে মোনাজাত করেন।
বঙ্গবন্ধু ভবনে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর শেখ হাসিনা স্পেন যাওয়ার জন্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।
