২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে কথা কৃষ্ণকলি মামলা স্থগিত

হাইকোর্ট রোববার ফরিদপুর জেলা আদালতে ঝুলে থাকা কথা কৃষ্ণ কলি নাটক মামলার সকল প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আদালত মামলার সকল রেকর্ড চেয়েছে এবং এই মামলা কেন বাতিল করা হবে না, এ ব্যাপারে সরকারের প্রতি চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোহম্মদ আব্দুর রশিদ এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরকারের প্রতি কারণ দর্শানোর এই নির্দেশ দেন।

মামলার বিবাদী দৈনিক আজকের কাগজের স্টাফ রিপোর্টার অমরেশ রায় এবং ভোরের কাগজের সহ-সম্পাদক অলকেশ রায় মামলাটি বাতিল করার জন্য হাই কোর্টে একটি পিটিশন দায়ের করেন।

২০০২ সালের ৬ আগস্ট ফরিদপুরে কথা কৃষ্ণকলি নাটকটি মঞ্চস্থ হয়। ফরিদপুর শামসুল উলম মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতি আব্দুল কাদের পিটিশন দায়েরকারীসহ বেশ কয়েকজন ব্যক্তিকে দায়ী করে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মুফতি আব্দুল কাদের অভিযোগ করে বলেন, কথা কৃষ্ণকলি নাটকে হযরত মুহম্মদ (সঃ) এবং ফাতেমার (রাঃ) চরিত্রের সমালোচনা করা হয়েছে।

অমরেশ রায় এবং অলকেশ রায়সহ ৩২জনকে দায়ী করে পুলিশ একটি তদন্ত রিপোর্ট প্রদান করে।

২০০২ সালের ২৩ সেপ্টেম্বর পুলিশ নিরাপত্তা হেফাজতের নামে অভিযুক্ত দুই সাংবাদিককে গ্রেফতার করে ফরিদপুর জেলে পাঠায়।

পরবর্তীতে তারা হাইকোর্টের নির্দেশে জামিনে বেরিয়ে আসে।