২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিডিআর ক্যাম্প থেকে আটককৃত চোরাচালানের পণ্য ছিনতাই

যশোরের শার্শায় বিডিআর’র অস্থায়ী ক্যাম্প থেকে রোববার বাস শ্রমিক ও চোরাচালানিরা আটককৃত চোরাচালানের পণ্য ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় বাস শ্রমিক ও চোরাচালানিরা রাস্তায় বাস আড়াআড়িভাবে রেখে দিলে যশোর-বেনাপোল সড়কে বাস চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শার্শা উপজেলার আমরাখালী ব্রীজের কাছে বিডিআরের একটি অস্থায়ী পোস্টে জওয়ানরা একটি যাত্রীবাহী বাস (পাবনা-ব-৩৬৪) তল্লাশী চালিয়ে বাংলাদেশী মশারী, তামা-পিতলের পাতসহ কয়েক বস্তা মালামাল আটক করে। ওই সময় বাস শ্রমিকরা বিডিআরকে আটককৃত মালামাল ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে তারা বাসের ‘লেট ফাইন’ বাবদ অর্থ দাবি করে।

বিডিআর সদস্যরা তাদের কথা না শোনায় বাস শ্রমিকরা রাস্তায় আড়াআড়িভাবে বাস রেখে দেয়। মুহুর্তের মধ্যে রাস্তায় শ‘খানেক বাস আটকা পড়ে যায়। তখন পূর্বোক্ত বাস এবং খুলনা ব-১১৫০ নম্বরের বাস শ্রমিকরা অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে আটককৃত মালামাল নিয়ে যায়। হামলাকারীরা ক্যাম্পের সামনের ও পেছনের বেড়া ভেঙ্গে ফেলে।

ঘটনার থবর পেয়ে পুলিশ ও বিডিআর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।