বাংলাদেশ ব্যাংক মূল্য পরিশোধ ও পণ্য আমদানীতে গড়মিল চিহ্নিত করেছে
বাংলাদেশ ব্যাংক দেশে খোলা বিভিন্ন ঋণপত্রের বিপরীতে বিদেশে মূল্য পরিশোধ ও প্রকৃত পণ্য আমদানীর ক্ষেত্রে ব্যাপক গড়মিল চিহ্নিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংক শনিবার আমদানীকারকদের ওপর এ ব্যাপারে কঠোর শর্ত আরোপ করেছে।
ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, এ সব অনিয়মের কারণে কি ধরণের পণ্য আমদানী করা হচ্ছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, বৈদেশিক মূদ্রার বিনিময়ে অনিয়মের কারণে বিপুল পরিমান অর্থ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সকল ব্যাংকে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক আদেশ পত্রে নির্ধারিত মেয়াদে বিল অফ এন্ট্রি এবং কাষ্টমস অনুমোদিত ইনভয়েস জমা দিতে ব্যর্থ আমদানীকারকদের নতুন ঋণপত্র খোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আদেশে আরও বলা হয়, ব্যাংকগুলোকে নতুন গ্রাহকের ক্ষেত্রে পূর্ববর্তী ব্যাংকের সাথে লেনদেন সংক্রান্ত বিল অফ এন্ট্রি এবং কাষ্টমস অনুমোদিত ইনভয়েস পরীক্ষা করে দেখতে হবে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যে সব আমদানীকারকের আমদানীকৃত পণ্যের সাথে লেনদেন সংক্রান্ত নথিপত্র সামঞ্জস্যপূর্ণ নয়, তা খতিয়ে দেখছে। এসব আমদানীকারককে পুনরায় ঋণপত্র খুলতে দেওয়া হবে না।
অসামঞ্জস্যপূর্ণ আমদানীকারকদের সনাক্ত করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
নিয়মানুযায়ী আমদানীকৃত পণ্য খালাসের পর বৈদেশিক মূদ্রার বিনিময়, বিল অফ এন্ট্রির প্রমাণপত্র এবং কাষ্টমস অনুমোদিত ইনভয়েস কাষ্টমস বিভাগে জমা দিতে হয়।
